‘ইফতারের পর মির্জা আব্বাসের চাঁদা খাবেন’ শিরোনামে যমুনা টিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, ‘রোজা রেখেছেন মির্জা আব্বাস তাই ইফতারির পর খাবেন চাঁদা’ শীর্ষক দাবিতে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘রোজা রেখেছেন মির্জা আব্বাস তাই ইফতারির পর খাবেন চাঁদা’ শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, যমুনা টিভির ভিন্ন ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির লোগো থাকলেও প্রকাশের তারিখ উল্লেখ নেই। এর সূত্রে যমুনা টিভির ফেসবুক পেজে এমন শিরোনামে কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। তবে ১৭ ফেব্রুয়ারি গণমাধ্যমটিতে ‘মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা মির্জা আব্বাস’ শীর্ষক শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে মূল ফটোকার্ডটিতে ‘রোজা রেখেছেন মির্জা আব্বাস তাই ইফতারির পর খাবেন চাঁদা’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা মির্জা আব্বাস’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির মূল ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত পোস্টের কমেন্টে পাওয়া যমুনা টিভির সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, সদ্য শপথ নেওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ জনকে মন্ত্রী-প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। যার মধ্যে ৫ জন মন্ত্রী পদমর্যাদার এবং ৫ জন রয়েছেন প্রতিমন্ত্রী পদমর্যাদার। মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমনটা জানানো হয়েছে। মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হলেন- মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ এবং ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

সুতরাং, ‘রোজা রেখেছেন মির্জা আব্বাস তাই ইফতারির পর খাবেন চাঁদা’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: