সম্প্রতি, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ১৯ ফেব্রুয়ারি থেকে একটি তথ্য প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মির্জা আব্বাসের ওপর সন্ত্রাসী হামলা হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ভুঁইফোড় ওয়েবসাইট এবং ব্লগস্পটের ফ্রি ডোমেইন সাইটে প্রকাশিত কথিত প্রতিবেদনের বরাতে এই ভুয়া দাবি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ফেসবুকে উক্ত দাবিতে প্রচারিত কিছু পোস্ট পর্যবেক্ষণ করে সেগুলোতে তথ্যসূত্র হিসেবে একটি ব্লগপোস্টের লিংক খুঁজে পাওয়া যায়। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘newsbd24ab.blogspot.com’ নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। এই সাইটে ‘মির্জা আব্বাস এর উপর সন্ত্রাসীদের হামলা’ শীর্ষক কথিত দাবির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তবে প্রতিবেদনটির ভেতরে এ সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি বরং, সেখানে উল্লেখ করা হয় গত ১২ ফেব্রুয়ারি ও ২৭ জানুয়ারি ঢাকা-৮ আসনের এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর মির্জা আব্বাসের অনুসারীদের হামলার অভিযোগ পাওয়া যায়।

পরবর্তীতে আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে মির্জা আব্বাসের ওপর গত ১৯ ফেব্রুয়ারি কিংবা তার আগে কোনো হামলার তথ্য পাওয়া যায়নি। বরং, গত ২১শে ফেব্রুয়ারি তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হতে দেখা যায়।
উল্লেখ্য, ফ্রি ডোমেইনের ব্লগসাইট ব্যবহার করে অপতথ্য ছড়ানোর এই পদ্ধতি নিয়মিতই ব্যবহার হয়ে আসছে। রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে বেরিয়ে এসেছে এসব সাইটের পেছনে কারা আছেন, কারাই বা এসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং কাদের এসব অপতথ্যের শিকার বানানো হচ্ছে।
সুতরাং, মির্জা আব্বাসের ওপর সন্ত্রাসী হামলা হওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Global TV Bangladesh Facebook Post
- Rumor Scanner’s Analysis


