প্রধানমন্ত্রীর বাসার নিচে বাংকার প্রসঙ্গে মির্জা ফখরুলের নামে প্রচারিত বক্তব্যটি মিথ্যা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি ব্যবহার করে একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয় যে তিনি বলেছেন, “দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখেই নতুন প্রধানমন্ত্রীর বাসার নিচে বাংকার বানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমাদের তো আর ইন্ডিয়া নাই।”

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখেই নতুন প্রধানমন্ত্রীর বাসার নিচে বাংকার বানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমাদের তো আর ইন্ডিয়া নাই।” শীর্ষক কোনো মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেননি। প্রকৃতপক্ষে, তাকে জড়িয়ে কোনো তথ্য-প্রমাণ ছাড়াই এই ভুয়া মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে, আলোচিত দাবির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। তিনি এমন মন্তব্য করে থাকলে তা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার কথা। এছাড়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক কোনো বক্তব্য বা সাক্ষাৎকারেও আলোচিত মন্তব্যের পক্ষে কোনো প্রমাণ মেলেনি।
পরবর্তী অনুসন্ধানে দেখা যায়, “Gupto Television” নামের একটি সার্কাজমধর্মী ফেসবুক পেজ থেকে দাবিটির সূত্রপাত। পেজটি গত ১৭ এপ্রিল একটি ফটোকার্ড আকারে পোস্টটি প্রকাশ করে, যা পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর বায়োতে উল্লেখ রয়েছে, “This is Gupto TV | একটি Satire & Parody platform. All contents are for entertainment purpose only | আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও parody এর মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।” এছাড়া, পেজটিতে পূর্বেও এ ধরনের একাধিক তথ্য-প্রমাণহীন ও সার্কাজমধর্মী পোস্ট (১, ২, ৩) প্রকাশ করা হয়েছে।
সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীর “দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখেই নতুন প্রধানমন্ত্রীর বাসার নিচে বাংকার বানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমাদের তো আর ইন্ডিয়া নাই।” শীর্ষক মন্তব্য করেছেন, এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
তথ্যসূত্র
- Gupto television – Facebook Post
- Rumor Scanner’s own analysis

