সম্প্রতি, “রাষ্ট্রপতিকে এইভাবে অপমান করা জামায়াতের উচিৎ হয়নি” শিরোনামে মির্জা ফখরুল ইসলাম এর মন্তব্য দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ প্রচার করা হতে দেখা গেছে।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্যটি মির্জা ফখরুল ইসলাম করেননি। প্রকৃতপক্ষে, একটি ফেসবুক পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে মির্জা ফখরুলের আসল মন্তব্য হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দাবির সাপেক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
উক্ত ফটোকার্ডের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, ‘আশার আলো’ নামের একটি ফেসবুক পেজে গত ১২ মার্চ আলোচিত ফটোকার্ডটি পোস্ট করা হয়।
‘আশার আলো’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘This page publishes viral and trending topics in an entertainment news format. প্রচার করা পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে আমাদের পরিবারের সাথেই থাকুন। ধন্যবাদ।’
অর্থাৎ পেজটিতে সোশ্যাল মিডিয়ার ভাইরাল ও ট্রেন্ডিং কনটেন্টগুলো বিনোদনের উদ্দেশে প্রকাশ করা হয়। পেজটি বৈধ কোনো সংবাদ মাধ্যম নয়।
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট ও বিভিন্ন ধরনের কপি কনটেন্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
এদিকে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোট। অনলাইনভিত্তিক গণমাধ্যম জাগোনিউজ২৪ এ প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ শুরু করার সময় ওয়াক আউট করেন তারা। এর আগে, ১১ দলীয় নির্বাচনি জোটের সংসদ সদস্যরা সংসদে দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শন ও বিক্ষোভ করেন। এ সময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শান্ত করার চেষ্টা করেন। তবে এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামী বা জোটের নেতৃবৃন্দের উদ্দেশে রাষ্ট্রপতির বিষয়ে কোন মন্তব্য করতে দেখা যায়নি। দেশের গণমাধ্যমগুলোও এ বিষয়ে কোনো তথ্য উঠে আসেনি।
সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘রাষ্ট্রপতিকে এইভাবে অপমান করা জামায়াতের উচিৎ হয়নি’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- আশার আলো – Facebook Post
- Prothom Alo – Website
- JagoNews24 –Website
- Rumor Scanner’s Analysis


