সম্প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে “এনসিপি দলকে আমি কোনো রাজনৈতিক দল হিসেবে দেখি না” শীর্ষক মন্তব্য সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এনসিপিকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তাকে উদ্ধৃত করে এ মন্তব্যটি প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিসংবলিত পোস্টগুলো পর্যালোচনা করা হয়। তবে সেসব পোস্টে মন্তব্যটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্রের উল্লেখ পাওয়া যায়নি। একইসঙ্গে, বিশ্বস্ত কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও এনসিপি সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যর অস্তিত্ব মেলেনি। তার মতো একজন প্রবীণ রাজনীতিবিদ ও বর্তমান সরকারের একজন মন্ত্রী এমন মন্তব্য দিলে তা গণমাধ্যমসহ নির্ভরযোগ্য সূত্রে প্রকাশিত হওয়ার কথা। কিন্তু এ ক্ষেত্রে তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এছাড়া মির্জা ফখরুলের ভেরিফায়েড ফেসবুক পেজ, বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ কিংবা দলটির মিডিয়া সেলের পেজেও এমন কোনো মন্তব্যের উল্লেখ নেই।
এ বিষয়ে আরও অনুসন্ধানে দেখা যায়, ভারতের কলকাতাভিত্তিক বাংলা সংবাদপত্র এই সময়-এ গত বছরের ২২ সেপ্টেম্বর প্রকাশিত এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে বলা হয়, “এনসিপি-কে আমরা কোনও শক্তি বলেই আর মনে করি না। এটা ঠিক এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুনটা দিয়েছিল। এখন আর তাদের কিছু নেই। ডাকলে লোকও আসে না।”
তবে পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর প্রকাশিত জাগোনিউজ২৪-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই সাক্ষাৎকারটি সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট গণমাধ্যমটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রতিবেদন তৈরি করেছে।
অন্যদিকে, গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভায় শপথ নেওয়ার পর সংসদ ভবন থেকে বের হওয়ার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, তিনি বিরোধী দলের সঙ্গে সংসদে অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যের সঙ্গে কাজ করতে চান।
সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে এনসিপিকে নিয়ে প্রচারিত আলোচিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis.
- Ei Samay: ‘BNP-জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে’, প্রশ্ন মির্জার
- Jagonews24: এই সময়ে প্রকাশিত সাক্ষাৎকারটি ভুয়া, এআই দিয়ে তৈরি: মির্জা ফখরুল
- Bangla Stream: বিরোধী দলের সঙ্গে আন্তরিকতা ও সৌহার্দ্যের সঙ্গে কাজ করতে চাই: মির্জা ফখরুল


