সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের (এমপি) ছবি সংবলিত একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার। এই ফটোকার্ডে দাবি করা হয়েছে মির্জা ফখরুল বলেছেন, ‘চাঁদাবাজি বন্ধ করতে হলে আমাদের কে আরো ৬ মাস সময় দিতে হবে’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘চাঁদাবাজি বন্ধ করতে হলে আমাদের কে আরো ৬ মাস সময় দিতে হবে’ শীর্ষক মন্তব্য করেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল খবর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
উক্ত ফটোকার্ডের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, দেশীয় সংবাদমাধ্যম ‘যমুনা টিভি’-এর লোগোর আদলে তৈরি ‘আশার আলো’ নামের একটি ফেসবুক পেজে গত ২৫ ফেব্রুয়ারি আলোচিত ফটোকার্ডটি পোস্ট করা হয়। তবে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে ‘আশার আলো’ এর লোগোর অংশ বাদ দেওয়া হয়েছে।
‘আশার আলো’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘ভাইরাল এবং ট্রেন্ডিং বিষয়গুলি এই পেজে বিনোদনমূলক সংবাদ আকারে প্রকাশ করা হয়।’
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘চাঁদাবাজি বন্ধ করতে হলে আরো ৬ মাস সময় দিতে হবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- আশার আলো – Facebook Post
- Rumor Scanner’s Analysis


