মির্জা ফখরুলকে জড়িয়ে এখন টিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর “চাদাবাজি দখলবাজি লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার চেষ্টা করা হলে, কোনদিনও মানবে না বিএনপি” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে টেলিভিশন চ্যানেল এখন টিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মির্জা ফখরুল আলোচিত মন্তব্যটি করেননি এবং উক্ত শিরোনামে এখন টিভিও কোন ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, মির্জা ফখরুলের ভিন্ন মন্তব্য সম্বলিত এখন টিভির ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে এখন টিভির লোগো এবং এটি প্রকাশের তারিখ ৩০ অক্টোবর ২০২৫ উল্লেখ রয়েছে। প্রাপ্ত তথ্যের সূত্র ধরে এখন টিভির ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, টেলিভিশনটির ফেসবুক পেজে ৩০ অক্টোবর “নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনদিনও মানবে না বিএনপি” শীর্ষক তথ্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে আলোচিত ফটোকার্ডটিতে ‘চাদাবাজি দখলবাজি লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার চেষ্টা করা হলে, কোনদিনও মানবে না বিএনপি’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনদিনও মানবে না বিএনপি’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এখন টিভির ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া এ সংক্রান্ত কোনো সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি। তবে মূল ধারার আরেক গণমাধ্যম এটিএন নিউজের একই দিনের একটি সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন-নির্বাচনের দিন ছাড়া কোনো গণভোটের সিদ্ধান্ত বিএনপি মেনে নেবে না। তিনি বলেন, নির্বাচনের আগে গণভোটের প্রস্তাব সময়, অর্থ ও প্রস্তুতির দিক থেকে অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত। সেদিন বিকেলে বিএনপির স্থায়ী কমিটির এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

এই প্রতিবেদন এবং অন্যান্য গণমাধ্যম সূত্রে আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, মির্জা ফখরুল ‘চাদাবাজি দখলবাজি লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার চেষ্টা করা হলে, কোনদিনও মানবে না বিএনপি’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে এখন টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: