রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে জড়িয়ে মির্জা ফখরুলের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে ‘আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল একটি পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের তারেক রহমান তা করে দেখালেন’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ফেসবুক প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে সত্য ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনায় দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কী-ওয়ার্ডে অনুসন্ধান করলেও বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সমর্থনে কোনো তথ্যপ্রমাণ মেলেনি।

আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘গুপ্ত টেলিভিশন’ নামের একটি ফেসবুক পেজে গত ২৮ এপ্রিল আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। ‘গুপ্ত টেলিভিশন’ পেজটি পর্যবেক্ষণ করে এর পরিচিতি পর্বে ‘This is Gupto TV। একটি Satire & Parody platform । All contents are for entertainment purpose only। আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও Parody এর মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।’ শীর্ষক তথ্যের উল্লেখ পাওয়া যায়।

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

পরবর্তীতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল একটি পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের তারেক রহমান তা করে দেখালেন’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Own Analysis 
  • Mirza Fakhrul Islam Alamgir – Facebook Profile
Share: