হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তার স্ত্রীর প্রকাশ্যে না আসা সন্দেহজনক শীর্ষক মন্তব্য করেননি মির্জা ফখরুল

গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘হাদিকে কারা মেরেছে এটা হাদির পরিবার সব থেকে ভালো বলতে পারবে,, হাদি গুলিবিদ্ধ হবার পর কেনো তার সহধর্মিণী সামনে আসেনি এটাই তো সন্দেহ করার বড় যাইগা।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওসমান হাদির স্ত্রীর আচরণ সন্দেহজনক দাবি করে ওসমান হাদির পরিবারকে জড়িয়ে আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে কোনো রকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই মির্জা ফখরুলের নামে আলোচিত ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। পোস্টগুলোতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও মূলধারার গণমাধ্যমগুলোতে দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে মির্জা ফখরুল এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।
ওসমান হাদির ওপর হামলার ঘটনায় মির্জা ফখরুলের বক্তব্যের বিষয়ে অনুসন্ধানে জানা যায়, ওসমান হাদির মৃত্যুর পর গত ১৯ ডিসেম্বর মির্জা ফখরুল এক শোক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতিকারিরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। দুস্কৃতিকারিদের নির্মম হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নিহতের ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। এছাড়াও, শোক বিবৃতিতে মির্জা ফখরুল শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুস্কৃতিকারিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। পাশাপাশি তিনি শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে গত ১২ ডিসেম্বরে ওসমান হাদির ওপর হামলার পর মির্জা ফখরুল এই ঘটনার নিন্দা জানিয়ে ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেন এবং সন্ত্রাস দমনে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃঢ়ভাবে ব্যবস্থা নেবে মর্মে আশা প্রকাশ করেন। তবে কোথাও তাকে আলোচিত মন্তব্যটি করতে দেখা যায়নি।
সুতরাং, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওসমান হাদির ঘটনায় হাদির স্ত্রীর আচরণ সন্দেহজনক দাবি করে ওসমান হাদির পরিবারকে জড়িয়ে আলোচিত মন্তব্য করার দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Mirza Fakhrul Islam Alamgir – Facebook Post
- Mirza Fakhrul Islam Alamgir – Facebook Post

