‘জিয়া পরিবার ছাড়া বিএনপির পুরোটাই ‘র’ এর সাথে জড়িত’ এমন মন্তব্য করেননি ওসমান হাদি 

সম্প্রতি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির একটি উদ্ধৃতি সংযুক্ত ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে। যেখানে দাবি করা হয়েছে ওসমান হাদি বলেছেন, বেগম জিয়া মারা যাবার সাথে সাথেই বিএনপির দলটি বিলুপ্ত হবে। জিয়া পরিবার ছাড়া এই দলের পুরোটাই ‘র’ এর সাথে জড়িত। 

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত উক্তিটি সত্য নয়। শরীফ ওসমান হাদির বক্তব্যে এরকম কোনো উক্তি পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, হাদি একটি বক্তব্যে বলেছেন “বেগম জিয়া মারা যাবার সাথে বিএনপি দলটি বিলুপ্ত হয়ে যাবে” তার এই বক্তব্যের সঙ্গে আলোচিত দাবিটি অতিরিক্তভাবে যুক্ত করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে, মূলধারার গণমাধ্যম এটিএন বাংলার ইউটিউব চ্যানেলে ওসমান হাদির একটি বক্তব্য পাওয়া যায় যেখানে ওসমান হাদি জুলাই সনদের বিষয়ে বিএনপির অবস্থান নিয়ে সমালোচনা করতে গিয়ে বলেন, “যে দলটির সাথে শহীদ জিয়ার নাম জড়িত, বেগম জিয়ার নাম জড়িত সেই দলের এমন করুন পরিণতি হবে এটা চিন্তা করতেই খারাপ লাগে। আমাদের ধারণা, বিএনপি যদি এখনও তাদের না শুধরায় বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপির বিদায় ঘটে যাবে। এখনও বিএনপি যেটুকু আছে সেটা বেগম জিয়ার নামে, তার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে বিএনপি নাই হয়ে যাবে কিন্তু সেটা আমাদের জন্য খুব আনন্দের সংবাদ না কারণ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ জিয়ার, বেগম জিয়ার বিএনপিকেও আমাদের লাগবে।”

ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে বা মূলধারার কোনো গণমাধ্যমেও ওসমান হাদির প্রচারিত দাবির বক্তব্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, ওসমান হাদি রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন যে ছড়িয়ে পড়া দাবিটি সত্য নয়। তিনি বলেন, “এমন কোনো কথা আমি আমার বক্তব্যে বলিনি, আমার নামে ফেক ফটোকার্ড ছড়ানো হয়েছে। আমার সংবাদ সম্মেলনের প্রথম একটি লাইনে আমি বলেছিলাম বেগম জিয়া মারা যাওয়ার সাথে সাথে বিএনপি বিলুপ্ত হয়ে যাবে কিন্তু এ দলের পুরোটাই ‘র’ এর সাথে জড়িত এমন কোনো উক্তি আমার বক্তব্যে ছিল না”

সুতরাং, ‘বেগম জিয়া মারা যাবার সাথে সাথেই বিএনপির দলটি বিলুপ্ত হবে। জিয়া পরিবার ছাড়া বিএনপির পুরোটাই ‘র’ এর সাথে জড়িত’ শীর্ষক মন্তব্য ওসমান হাদি করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: