সম্প্রতি অনলাইনে একটি কথিত সংবাদ প্রতিবেদন প্রকাশ করে দাবি করা হয়েছে, ‘আওয়ামীলীগ নি’ষি’দ্ধের প্র’তিবাদে সংসদ থেকে রাজপথে রুমিন ফারহানা; রাজপথ না ছাড়ার হু’শি’য়ারি!’
প্রচারিত ভিডিওতে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলছেন, ‘আমরা রাস্তা থেকে যাবো না। আমার আসার উদ্দেশ্য একটাই, আমি বাংলাদেশের নাগরিক আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।’
ভিডিওর আরেক অংশে সংসদে রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, ‘দেশটা কারো বাপের না৷ ৫২ শতাংশ মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে সেটা কখনও সম্ভব না, কোনোদিন সম্ভব না।’

এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টটি এককভাবে প্রায় ৪ লক্ষ বার দেখা হয়েছে এবং ২৬ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে লাইক দেওয়া হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত রুমিন ফারহানার সংসদ ও রাজপথে বক্তব্যের ভিডিও আওয়ামী লীগ নিষিদ্ধের প্রেক্ষিতে রুমিন ফারহানার প্রতিবাদের দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে, ভিডিওর একটি অংশ ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগ দাবিতে আন্দোলনের ও অপরটি নারীদের সাথে বৈষম্যের/অবহেলার প্রতিবাদের।
আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত রাজপথে রুমিন ফারহানার আন্দোলনের দৃশ্যের বিষয়ে অনুসন্ধানে ‘স্বদেশ বার্তা’ নামের একটি ফেসবুক পেজে ২০২৪ সালের ৩ আগস্টে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। ভিডিওতে প্রদর্শিত রুমিন ফারহানার বক্তব্য ও দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত রুমিন ফারহানার দৃশ্যের মিল পাওয়া যায়। ‘স্বদেশ বার্তা’র ফেসবুক ভিডিওর ক্যাপশনে বলা হয় ‘রুমিন ফারহানা রাজপথে ১ দফা জানালেন স্লোগানে দেখুন’।

এছাড়াও, রুমিন ফারহানা উক্ত আন্দোলনের দৃশ্যটি আরো নানা ইউটিউব চ্যানেল থেকেও ২০২৪ সালের ৩ ও ৪ আগস্টে প্রচার হতে দেখা যায়। সেসব ভিডিওর এক পর্যায়ে রুমিন ফারহানাকে ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’ বলতেও শোনা যায়। উল্লেখ্য যে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে ‘আওয়ামী লীগের নিষিদ্ধ, মানি না মানবো না’ শোনা গেলেও রুমিন ফারহানার আন্দোলনের উপরোক্ত ভিডিওগুলোতে এমন কোনো স্লোগান শোনা যায়নি। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে রুমিন ফারহানার প্রচারিত ভিডিওটি মূলত ২০২৪ সালের জুলাই-আগস্ট এর শেষ পর্যায়ে শেখ হাসিনার পদত্যাগ দাবিতে আন্দোলন করার সময়কার।
এছাড়াও, সংসদে রুমিন ফারহানার বলা ‘৫২ শতাংশ মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে সেটা কখনও সম্ভব না, কোনোদিন সম্ভব না’ শীর্ষক বক্তব্যেও রুমিন ফারহানা আওয়ামী লীগকে বোঝাননি বরং, জনসংখ্যার ৫২ শতাংশ নারী বুঝিয়েছেন। প্রকৃতপক্ষে গত ৭ এপ্রিল জাতীয় সংসদে বক্তব্য প্রদানকালে নারীদের সাথে বৈষম্যের/অবহেলার প্রতিবাদ জানিয়ে জনসংখ্যার ৫২ শতাংশ নারীকে পেছনে ফেলে ‘নতুন বাংলাদেশ’ রচনার চিন্তা সফল হবে না বলে মন্তব্য করেন রুমিন ফারহানা। ৫২ শতাংশ বিষয়ক রুমিন ফারহানার উপরোক্ত বক্তব্য ঘিরে সম্প্রতি গুজব প্রচার হলে এ বিষয়ে ইতোমধ্যে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।
সুতরাং, আওয়ামী লীগ নিষিদ্ধে রুমিন ফারহানার রাজপথে প্রতিবাদের দৃশ্য দাবিতে পুরোনো ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Sodesh Barta – Facebook Post
- Bd Culture – YouTube Video
- Bangla News – YouTube Video
- Rumor Scanner’s analysis


