বিএনপি কর্তৃক মহিলা যুবলীগের নেত্রীকে মারধরের ঘটনা দাবিতে চুরির ঘটনার ভিডিও প্রচার 

সম্প্রতি, কুড়িগ্রাম জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আয়সা সুলতানাকে বিএনপি নেতা কর্মী দ্বারা নির্মম নির্যাতনের দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে থাকা নারী যুবলীগের নেত্রী নন এবং উক্ত নারীকে বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিক কারণে মারধর করেননি। প্রকৃতপক্ষে, গত ১৬ মে মানিকগঞ্জের শিবালয়ের টেপরা এলাকায় চুরির অভিযোগে এক নারীকে আটক করে এলাকাবাসী। পরবর্তীতে অভিযুক্ত নারীর চুল কেটে দেওয়া হয়। সেই ঘটনার ভিডিও এটি।

অনুসন্ধানে ‘Noyon FK’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১৭ মে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, চুরির ঘটনার দৃশ্য এটি।

পরবর্তীতে নয়ন এফকে এর উক্ত পোস্টের কমেন্ট বিশ্লেষণ করে দেখা যায়, সেখানে উক্ত সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। একটি মন্তব্যে বলা হয়েছে– ২০ হাজার টাকা চুরির অভিযোগে ভিডিওতে থাকা নারীর চুল কেটে দেওয়া হয়েছে। অন্য আরেকটি মন্তব্যে ঘটনাস্থল হিসেবে বলা হয়েছে– টেপরা। এছাড়া আরেকজন একটি মন্তব্যে অভিযোগ করেন– এই নারী পূর্বেও চুরি করেছিল এবং তখনও তার চুল কেটে দেওয়া হয়েছিল।

উল্লেখিত তথ্য অনুযায়ী, ঘটনাটি রাজনৈতিক নয় বরং, চুরির অভিযোগে চুল কেটে দেওয়া হয়েছে।

এরপর ভিডিওরটির বিষয়ে জানতে পোস্টকারী নয়ন এফকের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। তিনি বলেন, “মানিকগঞ্জের টেপরার ঘটনা। গত ১৬ মে (শনিবার) টাকা চুরি করে যাওয়ার সময় তাকে ধরা হয়েছিল।”

গুগল লোকেশন বিশ্লেষণ করেও দেখা যায়, এটি মানিকগঞ্জের শিবালয়ে অবস্থিত

পরবর্তীতে বিষয়টি আরও অধিকতর যাচাইয়ের জন্য শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে বলেন, ‘কুড়িগ্রাম জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দাবিটি ভুয়া, ফেইক। মূলত, ঘটনাটি মানিকগঞ্জের শিবালয়ের টেপরা এলাকার। ওই নারী চুরি করেছিল। পরবর্তীতে টাকা উদ্ধার করে যার টাকা তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং অভিযুক্ত নারীকে আদালতে পাঠানো হয়েছে। নারীর বাড়ি নারায়ণগঞ্জ। তিনি মানিকগঞ্জের একটি বাসায় ভাড়া থাকতেন।’

সুতরাং, মানিকগঞ্জের শিবালয় চুরির অভিযোগে নারীকে চুল কেটে দেওয়ার ভিডিওকে কুড়িগ্রাম জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আয়সা সুলতানাকে বিএনপি নেতা কর্মী দ্বারা নির্মম নির্যাতনের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: