কুষ্টিয়ায় সম্প্রতি স্কুল শিক্ষার্থী ধর্ষণের শিকার দাবিতে ২০২৫ সালে রংপুরে ধর্ষণ সংক্রান্ত ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি, ‘কুষ্টিয়ায় ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী স্কুলে যাওয়ার পথে ভুট্টার জমিতে নিয়ে ধর্ষণ করলো দুর্বৃত্তরা। পরে এলাকাবাসী এবং পুলিশ এসে উদ্ধার করে শিশুটিকে…’ শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি কুষ্টিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে স্কুল থেকে ফেরার পথে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণের ঘটনার নয় বরং, গত বছরের ১৮ মার্চ রংপুরের মিঠাপুকুর উপজেলায় মো: শাহ আলম নামের এক ব্যক্তির বিরুদ্ধে এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠে। ঘটনা পরবর্তী পুলিশ ভুক্তভোগীকে নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন। সেই সময়কার ভিডিও এটি। 


অনুসন্ধানে ‘STV সনাতন টিভি’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত বছরের ১৮ মার্চ প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতে থাকা ব্যক্তি, ব্যক্তিদের পোশাকের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।\

প্রচারিত পোস্টের ক্যাপশন এবং ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা যায়, রংপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার শিক্ষার্থীকে নিয়ে পুলিশের ঘটনাস্থল পরিদর্শনের ভিডিও এটি।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে রংপুর পুলিশ সুপারের ওয়েবসাইটে গত বছরের ২০ মার্চ প্রকাশিত একটি প্রেস রিলিজ পাওয়া যায়। প্রেস রিলিজে বলা হয়েছে, গত বছরের ১৮ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের মিঠাপুকুর থানাধীন চিথলী পশ্চিমপাড়ায় ১২ বছরের এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে স্কুল থেকে ফেরার পথে ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন মো: শাহ আলম নামের এক ব্যক্তি। সেই ঘটনায় ২০ মার্চ অভিযুক্ত শাহ আলমকে গ্রেফতার করা হয়৷

একই তথ্যে তখন সংবাদ প্রকাশ করেছিল প্রথম আলো, যুগান্তর, ডিবিসি সহ একাধিক গণমাধ্যম।

সুতরাং, গেল বছরের মার্চ মাসে রংপুরে শিশু ধর্ষণের ঘটনার ভিডিওকে সম্প্রতি কুষ্টিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে স্কুল থেকে ফেরার পথে ধর্ষণের ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: