নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে সম্প্রতি র‍্যাব কর্তৃক কুমিল্লা থেকে জীবিত অবস্থায় উদ্ধারের দাবিটি মিথ্যা

সম্প্রতি, ‘১২ বছর পর কুমিল্লা থেকে র‍্যাবের হাতে জীবিত উদ্ধার বিএনপির নেতা ইলিয়াস আলী’ শীর্ষক দাবিতে একটি সংবাদ প্রতিবেদনধর্মী ভিডিও প্রচারিত হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন বিএনপির প্রভাবশালী নেতা ইলিয়াস আলী।

এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত টিকটক পোস্টটি এককভাবে প্রায় ৭ লক্ষ বার দেখা হয়েছে এবং ২৫ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিও পোস্টটিতে লাইক দেওয়া হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে র‍্যাব কুমিল্লা থেকে জীবিত অবস্থায় উদ্ধার করেনি। এছাড়া, বিএনপি কিংবা ইলিয়াস আলীর পরিবারের পক্ষ থেকেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়ার দাবি করা হয়নি। প্রকৃতপক্ষে, পুরোনো ভিডিও ও এআই এর সাহায্যে তৈরি ভিডিও সংযুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত কথিত সংবাদ প্রতিবেদনটি পর্যবেক্ষণে শুরুতে এম ইলিয়াস আলীকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফুল দিয়ে বরণ করতে দেখা যায়। কিন্তু উক্ত দৃশ্য নিয়ে রিভার্স সার্চ করলে মূলধারার গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে দৃশ্যটি আসল হওয়ার সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, এম ইলিয়াস আলীকে তারেক রহমান এভাবে ফুল দিয়ে বরণ করলে তার ছবি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হতো। তাছাড়া, দৃশ্যটি পর্যবেক্ষণে তারেক রহমান ও ইলিয়াস আলীর গঠন ও পারিপার্শ্বিক অবস্থাতেও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্টে দেখা যায়। এছাড়াও, আলোচিত দৃশ্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ মডারেশনডিপফেক-ও-মিটার এ যাচাই করলে তা এআই দিয়ে তৈরি বলে নিশ্চিত হওয়া যায়।

এছাড়াও, আলোচিত দাবিতে প্রচারিত কথিত সংবাদ প্রতিবেদনে লাল রং দিয়ে চিহ্নিত এক ব্যক্তির একটি দৃশ্য ও সংবাদ সম্মেলনে র‌্যাব কমকর্তার একটি দৃশ্যেরও সংযুক্তি পাওয়া যায়। উক্ত দৃশ্যের বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২১ এপ্রিলে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার আগেকার সময়ের দৃশ্য দাবিতে আলোচিত লাল রং দিয়ে চিহ্নিত দৃশ্যের সংযুক্তি পাওয়া যায়।

এছাড়াও, যমুনা টিভির একই প্রতিবেদনে র‌্যাব কমকর্তার সংবাদ সম্মেলনের দৃশ্যটিরও সংযুক্তি পাওয়া যায়।

যমুনা টিভির প্রতিবেদনে বলা হয়, ‘নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী গুমে র‍্যাব জড়িত’ সুইডেনভিত্তিক নেত্র নিউজের এ খবরকে ভিত্তিহীন বলেছে র‍্যাব। উল্টো ইলিয়াসের খোঁজে সংস্থাটি এখনো তৎপর আছে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এছাড়াও, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে র‌্যাব, বিএনপি বা ইলিয়াস আলীর পরিবারের পক্ষ থেকেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়ার দাবি করার সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে কুমিল্লা থেকে র‌্যাব জীবিত উদ্ধার করেছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: