জাতিসংঘের লোগো ব্যবহার করে সংস্থাটির তথ্য দাবিতে জুলাই আন্দোলন নিয়ে ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি, জাতিসংঘের লোগোযুক্ত একটি ইনফোগ্রাফিক্স সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। যেখানে দাবি করা হচ্ছে, আন্দোলনের সময়জুড়ে দেশে ১৪০০ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ছিল আওয়ামী লীগ সমর্থক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যারা মূলত অভ্যুত্থানের পরবর্তীতে ৭ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সময়কালে মারা যান। যার সংখ্যা ৭৫০। এছাড়াও দাবি করা হয়, আন্দোলনের মুহূর্তে মাত্র ৪০০ জন মারা গিয়েছেন এবং ৫ আগস্ট থেকে ৬ আগস্টের মধ্যে ২৫০ জন মারা গিয়েছেন। যাদের মধ্যেও আওয়ামী লীগ সমর্থক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত পোস্টটির শিরোনামে বলা হয়, “হাসিনাকে সামরিক অভ্যুত্থানের কারণে পালিয়ে যেতে হয়েছিল, তাহলে ৪ঠা আগস্টের পরের বাকি সব ঘটনার জন্য সামরিক বাহিনী কেন দায়ী থাকবে না? এবঙ ৮ ই অগস্টের পরে ইউনুস সরকার বি এন পি দায়ী থাকবে না #JulyCDI”

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জুলাই আন্দোলন ও পরবর্তীতে নিহতের সংখ্যা প্রকাশ করে জাতিসংঘ এমন কোনো ইনফোগ্রাফিক্স প্রকাশ করেনি। এছাড়াও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রকাশিত ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনেও এমন ইনফোগ্রাফিক্সের সন্ধান পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, ওএইচসিএইচআরের প্রতিবেদনে এ ধরনের কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি। প্রতিবদনে ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে ১৪০০ জনের মৃত্যুর তথ্য আছে। তাছাড়া, ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৪৪ জন সদস্য নিহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে ওএইচসিএইচআরকে জানানো হলেও এসব তথ্য জাতিসংঘের সহযোগী এই সংস্থা স্বাধীনভাবে যাচাই করেনি।

উল্লেখ্য, পূর্বেও একই দাবিতে ইনফোগ্রাফিক্সটি প্রচার করা হলে সেসময় দাবিটিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে রিউমর স্ক্যানার ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

জাতিসংঘের লোগো ব্যবহার করে সংস্থাটির প্রতিবেদনের তথ্য দাবিতে জুলাই আন্দোলন নিয়ে ভুয়া তথ্য প্রচার

Share: