মিজানুর রহমান আজহারীর খালেদা জিয়ার কবর জিয়ারতের এই ছবিটি এআই দিয়ে তৈরি

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গত ৩১ ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। পরদিনই তাদের সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর প্রেক্ষিতে ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কবর জিয়ারতের একটি ছবি প্রচার করা হয়। 

ফেসবুকে প্রচারিত এমন ছবি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত একই ছবিটি দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ড. মিজানুর রহমান আজহারীর প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারতের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, খালেদা জিয়ার দাফন কার্যের সময় ড. মিজানুর রহমান আজহারী সেখানে উপস্থিত থাকলেও আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে জানা যায়, খালেদা জিয়ার দাফন কার্যের সময় ড. মিজানুর রহমান আজহারী সেখানে উপস্থিত ছিলেন। এমনকি তিনি সাবেক প্রধানমন্ত্রীর কফিন কাঁধে নেন বলে জানা যায়। তবে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে মিজানুর রহমান আজহারীর খালেদা জিয়ার কবর জিয়ারতের আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়নি।

কিন্তু অনুসন্ধানে একই দাবিতে প্রচারিত ছবির স্পষ্ট সংস্করণ সংবলিত একটি পোস্টের সন্ধান পাওয়া যায়। উক্ত ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, ছবিটির ডানপাশে নিচে ‘AI দিয়ে তৈরি’ লেখা রয়েছে। এছাড়াও লেখাটির নিচেই MINIMAX | Hailuo AI এর ওয়াটারমার্ক রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, আলোচিত ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

অর্থাৎ, খালেদা জিয়ার দাফন কার্যের সময় ড. মিজানুর রহমান আজহারী সেখানে উপস্থিত থাকলেও কবর জিয়ারতের এই ছবিটি আসল নয়।

সুতরাং, এআই দিয়ে তৈরি ছবিকে ড. মিজানুর রহমান আজহারীর খালেদা জিয়ার কবর জিয়ারতের ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: