জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মিজানুর রহমান আজহারীর নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর ছবি ব্যবহার করে তার নামে একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে দাবি করা হয়, তিনি বলেছেন, ‘২০২৪ সালে আমরা যাদের বিতাড়িত করছি মনে হয় আমরা ভুল কাজ করছি মানুষের অস্থা হুজুরদের উপর থেকে উঠে গেছে’।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আলোচিত মন্তব্যটি মিজানুর রহমান আজহারী করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তার নামে বক্তব্যটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, দাবিসংবলিত পোস্টে কোনো নির্ভরযোগ্য সূত্র বা প্রমাণ উল্লেখ নেই। পাশাপাশি মূলধারার গণমাধ্যম কিংবা অন্য কোনো বিশ্বস্ত সূত্রেও এ ধরনের বক্তব্য দেওয়ার তথ্য পাওয়া যায়নি। তার ভেরিফায়েড ফেসবুক পেজসহ অন্যান্য সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মেও এমন কোনো মন্তব্যের অস্তিত্ব মেলেনি।

সাধারণত তিনি এ ধরনের বক্তব্য দিলে তা গণমাধ্যম, তার নিজস্ব সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট বা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে প্রকাশিত হওয়ার কথা। কিন্তু সংশ্লিষ্ট মন্তব্যটি এসব কোনো মাধ্যমেই পাওয়া যায়নি।

সুতরাং, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মিজানুর রহমান আজহারীর নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis.
  • Mizanur Rahman Azhari – Facebook Page
Share: