ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল জব্বারের ওপর হামলার দাবিটি ভুয়া 

সম্প্রতি ‘মবের শিকার ভোক্তা অধিকার এর কর্মকর্তা আবদুল জব্বার মন্ডল!’ ক্যাপশনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল মবের আক্রমণের শিকার হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।  

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটিতে আক্রমণের শিকার হওয়া ব্যক্তি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল জব্বার মন্ডল নন বরং, সিলেটের হবিগঞ্জের নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ ওরফে রানাকে হেনস্থার দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রোফাইলে নিজেকে সাংবাদিক উল্লেখ করা Murad Ahmed নামক ফেসবুক প্রোফাইলে গত ১৩ মে ‘নবীগঞ্জের করগাঁও ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানাকে সিলেটে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোর্পদ।’ ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে গত ১৪ মে ‘সিলেটে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে সোপর্দ’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত করা মারধরের শিকার ব্যক্তির ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে মারধরের শিকার ব্যক্তির সাদৃশ্য রয়েছে।

প্রতিবেদনটি থেকে জানা যায়, সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় আওয়ামী লীগের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে বেধড়ক পেটানোর পর পুলিশে সোপর্দ করেছে একদল ব্যক্তি। গত ১৩ মে রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ওই চেয়ারম্যানের নাম নির্মলেন্দু দাশ ওরফে রানা। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউপি চেয়ারম্যান। এ ছাড়া তিনি নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

একই বিষয়ে গণমাধ্যম ইনকিলাবের ওয়েবসাইটে গত ১৪ মে ‘নবীগঞ্জের সেই ডেভিল চেয়ারম্যান রানাকে সিলেটে গনপিটুনি দিয়ে পুলিশে দিলো ছাত্র জনতা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে একই ছবি ও তথ্য পাওয়া যায়।

তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট সূত্রে সাম্প্রতিক সময়ে আব্দুল জব্বার মন্ডলের আক্রমণের শিকার হওয়ার দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, সিলেট হবিগঞ্জের আওয়ামী লীগ নেতা নির্মলেন্দু দাশ ওরফে রানাকে হেনস্থার দৃশ্যকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল জব্বার মন্ডলের ওপর হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: