সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কতিপয় ভারতীয় অ্যাকাউন্ট থেকে একজন ব্যক্তিকে পানিতে ধাক্কা মেরে ফেলার ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটি বাংলাদেশে হিন্দু নির্যাতনের দৃশ্যের।
এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশে হিন্দু হওয়ায় নির্যাতনের কোনো ঘটনার দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে ভিডিওটি মোবাইল চোর/ছিনতাইকারীকে মোবাইল চুরির অভিযোগে ঢাকার যাত্রাবাড়ীতে গত মাসে মারধরের ঘটনার দৃশ্যের।
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘BEC’ নামের একটি ফেসবুক পেজে গত ১৭ জুনে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। উক্ত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। এ বিষয়ে ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, ‘মোবাইল চুরিতে ব্যর্থ, অতঃপর সাধারণ মানুষের গণধোলাই’।

এছাড়াও, অনুসন্ধানে ‘Md Sohidul Islam Maruf’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১৬ জুনে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথেও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়। ভিডিওর বিষয়ে ফেসবুক পোস্টটির ক্যাপশনে দাবি করা হয়, ‘মোবাইল চোরকে পিটিয়ে ময়লা পানির খালে ফেলা হলো,,, লোকেশন যাত্রাবাড়ী’।
অনুসন্ধানে ভিডিওটি বাংলাদেশে হিন্দু হওয়ায় নির্যাতনের ভিডিও শীর্ষক দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, মোবাইল চোর/ছিনতাইকারীকে মোবাইল চুরির অভিযোগে মারধরের ঘটনাকে বাংলাদেশে হিন্দু হওয়ায় নির্যাতনের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর
তথ্যসূত্র
- BEC – Facebook Post
- Md Sohidul Islam Maruf – Facebook Post


