বাংলাদেশ বিনা যুদ্ধেই অখন্ড ভারতের হবে বলে মন্তব্য করেননি মোদি, ডিপফেক ভিডিও ভাইরাল

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য দাবির একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশের কতিপয় গণমাধ্যমেও একই দাবির ভিডিওটি প্রচার হয়েছে। ভিডিওতে তাকে বলতে দেখা যায়, বাংলাদেশ বিনা যুদ্ধেই অখন্ড ভারতের হবে।

উক্ত দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন গ্লোবাল টিভি (ফেসবুক)।

সমজাতীয় দাবির পোস্ট দেখুন থ্রেডস, ইনস্টাগ্রাম, ইউটিউবে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ বিনা যুদ্ধেই অখন্ড ভারতের হবে বলে মন্তব্য করেননি মোদি। প্রকৃতপক্ষে, এ সংক্রান্ত মূল লাইভ ভিডিওতে মোদীকে এমন কোনো মন্তব্য করতে দেখা যায়নি। এআই ডিটেকশন টুলের পরীক্ষা, অডিওর ম্যানুয়াল স্টাডি এবং প্রাসঙ্গিক বিশ্লেষণে ভিডিওটিতে ডিপফেক প্রযুক্তি ব্যবহার হয়েছে বলে নিশ্চিত হয়েছে রিউমর স্ক্যানার।

এ বিষয়ে অনুসন্ধানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেলে গত ১২ মার্চ প্রকাশিত এক লাইভ ভিডিওতে নরেন্দ্র মোদীকে একই পোশাকে একই স্থানে বক্তব্য দিতে দেখা যায়। ভারতের নয়াদিল্লিতে এনএক্সটি সামিটের প্রথম দিনে মোদী তার এই বক্তব্যে ভারতের নানা বিষয় নিয়ে আলাপ করলেও বক্তব্যে তাকে ‘অখণ্ড ভারত’ কিংবা তার সাথে বাংলাদেশ প্রসঙ্গ টানা সংক্রান্ত কোনো আলাপই করতে দেখা যায়নি।

এছাড়া, এ সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া আরেকটি ভিডিওতে মোদীকে বলতে শোনা যায়, “আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কার সাথে যুদ্ধ ছাড়াই অখণ্ড ভারত গঠিত হবে।” অনুসন্ধানে মূল লাইভ ভিডিওতে মোদীকে এমন কোনো মন্তব্যও করতে দেখা যায়নি।

ভিডিওর অডিওটি এআই দিয়ে সম্পাদিত বা আলাদা যুক্ত করা কিনা তা জানতে ভিডিওটি হাইভ মডারেশনের মাধ্যমে পরীক্ষা করে দেখা যায়, এর অডিওর ৯৯.৭ শতাংশই এআই-জেনারেটেড। ভিডিওটি পর্যালোচনায়ও বিষয়টি স্পষ্ট হয়। যেমন, পটভূমির শব্দ এবং মূল শব্দের মধ্যে সামঞ্জস্য নেই। কখনও কখনও উচ্চারিত শব্দ বিচ্ছিন্ন বা অস্বাভাবিকভাবে সংযুক্ত বলে মনে হয়। অডিওটি নরেন্দ্র মোদীর মতো কণ্ঠই শোনাচ্ছে, তবে কথা বলার ধরণে একজন স্বাভাবিক মানুষের মতো আবেগ বা শ্বাস-প্রশ্বাসের অভাব পরিলক্ষিত হয়। শব্দের মধ্যে ফাঁক এবং ছন্দ কিছুটা “যান্ত্রিক” বা কৃত্রিমও শোনাচ্ছে বলে প্রতীয়মান হয়।

সুতরাং, বাংলাদেশ বিনা যুদ্ধেই অখন্ড ভারতের হবে বলে মন্তব্য করেছেন নরেন্দ্র মোদি শীর্ষক দাবিতে ছড়ানো ভিডিওটি এআই জেনারেটেড।

তথ্যসূত্র

Share: