“আমি বেঁচে থাকতে হাসিনার ফাঁসি দিতে পারবে না” বলে নরেন্দ্র মোদি কোনো মন্তব্য করেননি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুটি অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে চানখাঁরপুলে ৬ হত্যাকাণ্ড এবং আশুলিয়ায় ছয় জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, এর প্রেক্ষিতেই “আমি বেঁচে থাকতে হাসিনার ফাঁসি দিতে পারবে না” – মোদি, শীর্ষক দাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “আমি বেঁচে থাকতে হাসিনার ফাঁসি দিতে পারবে না” বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

এ সংক্রান্ত দাবিটির সূত্রপাত অনুসন্ধানে Iqbal Tv নামের একটি ফেসবুক পেজে ১৮ ই নভেম্বর প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটির সন্ধান মেলে। তবে পোস্টে এ বিষয়ে কোনো সূত্র বা প্রমাণ উল্লেখ পাওয়া যায়নি৷ ‘Iqbal Tv’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘পেজটি বিনোদনের উদ্দেশ্যে তৈরি। কোনো পোস্ট সিরিয়াসলি বা সত্যকার অর্থে না নেওয়ার অনুরোধ।’ (অনূদিত) এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক/ভিত্তিহীন ভুয়া পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক/ভিত্তিহীন ভুয়া কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, শেখ হাসিনার রায় বিষয়ে গত ১৭ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে “বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষিত রায়টি ভারত সরকারের নজরে এসেছে। একটি ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ, এখানকার শান্তি, গণতন্ত্র, অন্তর্ভূক্তিমূলক ব্যবস্থা ও স্থিতিশীলতার বিষয়ে ভারত প্রতশ্রিুতবিদ্ধ। ভারত এসব বিষয়ে সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ রাখবে।”

সুতরাং, নরেন্দ্র মোদি “আমি বেঁচে থাকতে হাসিনার ফাঁসি দিতে পারবে না” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: