‘নির্বাচনের আগেই দেশে ফিরবেন হাসিনা’ বলে মন্তব্য করেননি নরেন্দ্র মোদি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্ধৃত দিয়ে ও তার ছবি ব্যবহার করে “নির্বাচনের আগেই দেশে ফিরবেন হাসিনা ” শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “নির্বাচনের আগেই দেশে ফিরবেন হাসিনা” বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া মন্তব্যকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। নরেন্দ্র মোদি যদি এমন কোনো মন্তব্য করতেন, তা নিশ্চয়ই ভারত ও বাংলাদেশের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হতো, কিন্তু এ ক্ষেত্রে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।
এ সংক্রান্ত দাবিটির সূত্রপাত অনুসন্ধানে ‘আশার আলো’ নামের নামের একটি ফেসবুক পেজে গত ১ ডিসেম্বর প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটির সঙ্গে এই ফটোকার্ডের মিল রয়েছে। তবে পোস্টে এ বিষয়ে কোনো সূত্র বা প্রমাণ উল্লেখ পাওয়া যায়নি৷ ‘আশার আলো’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘এই পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, দয়া করে কোনও পোস্টকে সিরিয়াসলি নেবেন না।’ (অনূদিত) এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, নরেন্দ্র মোদি “নির্বাচনের আগেই দেশে ফিরবেন হাসিনা” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Khabor Sangjog: Website
- Janata TV: Facebook Post
- Rumor Scanner’s analysis

