গত ২৪ ডিসেম্বর, রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে নিচে ককটেল ফেলা হলে এই মৃত্যুর ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে নিহত ব্যক্তিকে খ্রিস্টান ধর্মাবলম্বী দাবি করে কিছু পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
এছাড়া, একই দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মগবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিহত যুবক খ্রিস্টান ধর্মাবলম্বী নয়। প্রকৃতপক্ষে, নিহত ব্যক্তির নাম সিয়াম, যিনি মুসলিম ধর্মাবলম্বী এবং তিনি মগবাজারের জাহিদ কার ডেকোরেশন নামে একটি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে সময় টিভির ইউটিউব চ্যানেলে গত ২৪ ডিসেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনায় জানা যায়, গত ২৪ ডিসেম্বর রাত ৮ টার দিকে মগবাজারে এজি চার্চের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে নিচে ককটেল ফেলা হলে এই মৃত্যুর ঘটনা ঘটে।
পাশাপাশি, আলোচিত বিষয়ে দ্যা ডেইলি স্টারের ওয়েবসাইটে একই তারিখে অর্থাৎ গত ২৪ ডিসেম্বরে প্রকাশিত আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনটিতেও নিহত যুবক সিয়াম মজুমদার বলে উল্লেখ করা হয়। পাশাপাশি, নিহতের বাবা আলী আকবর মজুমদারের বক্তব্যও সংযুক্ত করা হয়েছে।
অর্থাৎ, মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহত ব্যক্তি খ্রিস্টান ধর্মাবলম্বী নয়, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
সুতরাং, রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত মুসলিম যুবককে খ্রিস্টান ধর্মাবলম্বী দাবি করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।


