মহাখালীতে আ.লীগ-ছাত্রলীগের সাম্প্রতিক মিছিল দাবিতে ২০২৪ সালের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ভিডিও প্রচার

গত ০৩ ডিসেম্বর ঢাকার মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ মিছিল দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে

এই প্রতিবেদন প্রকাশ অবধি উক্ত দাবির ভিডিওটি প্রায় ৩৬ হাজার ৮শতবার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের কোনো মিছিলের নয় এবং এটি সাম্প্রতিক সময়েরও নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালের ০৫ আগস্ট উত্তরা থেকে মহাখালীগামী সড়কে কারফিউ উপেক্ষা করে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টেলিভিশনের লোগো দেখা যায়। উক্ত সূত্র ধরে গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ০৫ আগস্ট ‘ঢাকার রাজপথে মিছিলে মিছিলে মানুষের’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল রয়েছে।

উক্ত ভিডিওতে যমুনা টেলিভিশনের প্রতিবেদকের দেওয়া তথ্য অনুযায়ী এটি গত বছরের ০৫ আগস্টের ভিডিও। সেদিন সরকার ঘোষিত কারফিউ উপেক্ষা করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যোগ দিতে টঙ্গী ও উত্তরা এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ মহাখালী হয়ে সামনের দিকে অগ্রসর হয়।

পরবর্তীতে এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলার ওয়েবসাইটে ‘কারফিউ, পথে পথে কাঁটাতারের বেড়া, ৫ই অগাস্ট ঢাকার সকাল কেমন ছিল?’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ০৫ আগস্ট সকালে উত্তরার বিএনএস সেন্টারের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। অন্যদিকে উত্তরা থেকে বিমানবন্দরে প্রধান সড়কে কয়েক স্তরে রাস্তার ওপর কাঁটাতারের ব্যারিকেড বসিয়ে অবস্থান নেয় সেনাবাহিনী। বিএনএস ভবনের পাশের গলি দিয়ে সকাল ১১টার দিকে মূল রাস্তায় উঠে আসেন বিক্ষোভকারীরা। সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে থামানোর চেষ্টা করছিলেন। তখন উত্তরার বিএনএস সেন্টার এলাকা থেকে মিছিল নিয়ে গণভবন অভিমুখে যাত্রা শুরু করে ছাত্র জনতা। আশপাশের বিভিন্ন গলি দিয়ে প্রধান সড়কে আসতে শুরু করেন বিক্ষোভকারীরা।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের মিছিলের ঘটনার নয়।

সুতরাং, ঢাকার মহাখালীতে আ.লীগ-ছাত্রলীগ এর সাম্প্রতিক মিছিল দাবিতে গত বছরের ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা কর্মসূচির’ মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র 

Share: