ইরানি ফুটবলার মোহাম্মদ মোহেবিকে যুক্তরাষ্ট্র থেকে ইরানে ফেরত পাঠানোর দাবিটি মিথ্যা

ইরানের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে গোলের পর ‘গান সেলিব্রেশন’ বা বন্দুকের আদলে উদযাপন করে আলোচনায় আসেন ইরানি ফুটবলার মোহাম্মদ মোহেবি। এই ঘটনার প্রেক্ষিতে দাবি করা হয়, এমন উদযাপনের কারণে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস মোহাম্মদ মোহেবিকে যুক্তরাষ্ট্র থেকে ইরানে ফেরত পাঠিয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই এমন দাবি প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে একাধিক সার্চ ইঞ্জিন ব্যবহার করে খোঁজ নেওয়া হয়। তবে বিশ্বস্ত কোনো সূত্রে এমন তথ্য পাওয়া যায়নি। ফুটবল বিশ্বকাপ বর্তমানে বিশ্বের অন্যতম আলোচিত একটি আয়োজন। তাই বিশ্বকাপে অংশ নেওয়া কোনো দলের খেলোয়াড়কে ডিএইচএস বহিষ্কার করলে বিষয়টি নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার কথা। কিন্তু এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে, ‘Ball Zone’ নামের একটি এক্স (সাবেক টুইটার) প্রোফাইলে গত ১৬ জুন প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়, যা এ দাবিতে প্রকাশিত সম্ভাব্য প্রথম পোস্ট। প্রোফাইলটির বায়োতে উল্লেখ রয়েছে, ‘Home of football jokes – Satire.’ অর্থাৎ, এটি ফুটবলভিত্তিক কৌতুক ও স্যাটায়ারধর্মী কনটেন্ট প্রকাশ করে। ফলে প্রতীয়মান হয়, দাবিটি প্রথমে স্যাটায়ার হিসেবেই প্রচারিত হয়েছিল। এছাড়া, মোহেবির ‘গান সেলিব্রেশন’-এর বাস্তব ছবি থাকলেও ওই পোস্টে যুক্ত ছবিটি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত বলে প্রতীয়মান হয়। ছবিটি ওপেনএআইয়ের নিজস্ব এআই শনাক্তকারী টুলে যাচাই করলে ফলাফলে দেখা যায়, এটি ওপেনএআইয়ের টুলস (যেমন: চ্যাটজিপিটি) ব্যবহার করে তৈরি।

এদিকে, এ বিষয়ে আমেরিকান তথ্য যাচাইকারী সংস্থা লিড স্টোরিজকে ইমেইলের জবাবে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস জানায়, দাবিটি ভুয়া। ইরান ফুটবল দলের কোনো খেলোয়াড়কে যুক্তরাষ্ট্র থেকে ইরানে ফেরত পাঠানো হয়নি।

এছাড়া, বাংলাদেশ সময় ২২ জুন যুক্তরাষ্ট্রের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ইরান বনাম বেলজিয়াম ম্যাচেও খেলেছেন মোহাম্মদ মোহেবি।

তবে, গত ১৯ জুন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান ফুটবল ফেডারেশন বিশ্বকাপে দলটির ওপর আরোপিত ‘ভ্রমণ ও লজিস্টিক বিধিনিষেধ’ নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ডের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসে ম্যাচের পর ইরান দলকে পরদিন পর্যন্ত থাকার সুযোগ না দিয়ে তাৎক্ষণিকভাবে মেক্সিকোর তিজুয়ানায় বেস ক্যাম্পে ফিরে যেতে বলা হয়। এছাড়া, বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলটিকে লস অ্যাঞ্জেলেসে মাত্র ২৪ ঘণ্টা আগে প্রবেশের অনুমতি দেওয়া হয়। ইরানের দাবি, এমন বিধিনিষেধ অংশগ্রহণকারী সব দলের জন্য সমান প্রস্তুতির সুযোগ দেওয়ার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি দলের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।


সুতরাং, ‘গান সেলিব্রেশন’ করায় ইরানি ফুটবলার মোহাম্মদ মোহেবিকে ডিএইচএস যুক্তরাষ্ট্র থেকে ইরানে ফেরত পাঠিয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: