তারেক জিয়া আমাদের শেষ ভরসাস্থল বলে মন্তব্য করেননি মুহিব্বুল্লাহ বাবুনগরী, কালের কণ্ঠের সম্পাদিত ফটোকার্ড প্রচার

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী “শেখ হাসিনা ছিল কাওমি জননী, এখন তারেক জিয়া আমাদের কাওমী জনক আমাদের শেষ ভরসাস্থল” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মুহিব্বুল্লাহ বাবুনগরীর মন্তব্য দাবিতে কালের কণ্ঠ এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি প্রকৃতপক্ষে, নির্বাচন প্রসঙ্গে মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্য নিয়ে নিয়ে প্রকাশিত কালের কণ্ঠের ভিন্ন ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৬ উল্লেখ রয়েছে।
প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কালের কণ্ঠের পেজ এবং ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, পত্রিকাটির ফেসবুক পেজে ৬ ফেব্রুয়ারি “মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম : হেফাজত আমির” শীর্ষক শিরোনামের একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
Photocard Comparison by Rumor Scanner
ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে আলোচিত ফটোকার্ডটিতে ‘শেখ হাসিনা ছিল কাওমি জননী, এখন তারেক জিয়া আমাদের কাওমী জনক আমাদের শেষ ভরসাস্থল’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম : হেফাজত আমির’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, কালের কণ্ঠের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, আসন্ন ত্রয়োদশ নির্বাচনে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা করে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেছেন, সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম, এটা কোনোভাবেই জায়েজ নয়। গত ৫ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট মাদরাসায় হাদিস গ্রন্থ সহিহ বুখারি শরিফের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় হেফাজত আমির এই ঘোষণা দেন। এ সময় তিনি উপস্থিত আলেম সমাজের উদ্দেশে বলেন, মওদুদির জামায়াতের সঙ্গে যারা জোট করেছে, তারাও মওদুদি।
তবে এই প্রতিবেদনের কোথাও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, মুহিব্বুল্লাহ বাবুনগরী ‘“শেখ হাসিনা ছিল কাওমি জননী, এখন তারেক জিয়া আমাদের কাওমী জনক আমাদের শেষ ভরসাস্থল”’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Kaler Kantho : Facebook Post

