শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল ৬ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মহিউদ্দিন রনিও রয়েছেন।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, মহিউদ্দিন রনি গুলিবিদ্ধ হয়েছেন।

এই দাবিতে গণমাধ্যমে প্রচারিত দাবি দেখুন: জনকণ্ঠ, দেশের পত্র (ইউটিউব), বার্তা বাজার (ফেসবুক), ইনকিলাব (ফেসবুক)
একই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে।
অন্যান্যা প্ল্যাটফর্মে প্রচারিত দাবি দেখুন: ইন্সটাগ্রাম, টিকটক, থ্রেডস।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মহিউদ্দিন রনি গুলিবিদ্ধ হয়ে আহত হননি। প্রকৃতপক্ষে, তিনি পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Jono Pulse’ নামের একটি ফেসবুক পেজে মহিউদ্দিন রনির আহত হওয়ার মুহূর্তের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্য তাকে লাঠিপেটা করলে একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ভিডিওতে গুলিবিদ্ধ হওয়ার কোনো দৃশ্য পাওয়া যায়নি।
বাহান্ন নিউজের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে ঘটনার বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, শাহবাগের আজিজ মার্কেটের সামনে পুলিশের লাঠিচার্জ থেকে আন্দোলনকারীদের রক্ষা করতে ঢাল হয়ে দাঁড়ান মহিউদ্দিন রনি। এ সময় তিনি আন্দোলনকারীদের কেন মারছে সে বিষয়ে পুলিশকে প্রশ্ন করেন। এরপর ৮ থেকে ১০ জন পুলিশ সদস্য তাকে বেধড়ক লাঠিপেটা করেন। একপর্যায়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। এরপরও তাকে মারধর করা হয়। পরে এক পুলিশ সদস্য তাকে মারতে উদ্যত হলে আরেক পুলিশ সদস্য বাধা দেন।
সংঘর্ষের ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা যায়। মহিউদ্দিন রনির বিষয়ে জানতে রিউমর স্ক্যানার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদের সঙ্গে যোগাযোগ করে। তিনি জানান, তিনি নিজে মহিউদ্দিন রনির চিকিৎসা করেছেন এবং শতভাগ নিশ্চিত যে তার শরীরে গুলি লাগেনি।
এদিকে সারাবাংলার একটি প্রতিবেদনে মহিউদ্দিন রনির সহপাঠী ওবায়দুর রহমান সোহানের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, মহিউদ্দিন রনি পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হয়েছেন। তবে তিনি গুলিবিদ্ধ হননি।
সুতরাং, মহিউদ্দিন রনি পুলিশের লাঠিচার্জে আহত হওয়ার ঘটনাকে গুলিবিদ্ধ হওয়ার দাবিতে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Jono Pulse: Facebook Post
- Bahanno News: শাহবাগে মহিউদ্দিন রনিকে বেধড়ক পেটাল পুলিশ
- Statement from Dr. Mostak Ahmed, Resident Surgeon, Dhaka Medical College Hospital
- Sarabangla: শাহবাগে দ্বিতীয় দফায় সংঘর্ষ, মহিউদ্দিন রনিসহ আহত ২০


