জামায়াত-শিবিরকে জড়িয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর নামে ভুয়া মন্তব্য প্রচার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) “আজ থেকে জামায়াত শিবিরের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তারা ভুল বুঝিয়ে তাদের সাথে নিয়ে আমাকে শুধু ব্যবহার করেছে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেহরীন আমিন ভূঁইয়া এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত দাবিটির সূত্রপাত একটি সার্কাজমভিত্তিক ফেসবুক পেজ থেকে, যা পরবর্তী সময়ে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়ে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনায় দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। সাধারণত শেহরীন আমিন ভূঁইয়া এমন মন্তব্য করলে সেটি গণমাধ্যমগুলো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচার করা হতো। কিন্তু এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সমর্থনে কোনো তথ্যপ্রমাণ মেলেনি।

আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Gupto Television’ নামের একটি ফেসবুক পেজে গত ১১ মে আলোচিত ফটোকার্ডটি প্রথম প্রচার হতে দেখা যায়।

পেজটি পর্যবেক্ষণ করে এর পরিচিতি পর্বে ‘This is Gupto TV। একটি Satire & Parody platform । All contents are for entertainment purpose only। আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও Parody এর মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।’ শীর্ষক তথ্যের উল্লেখ পাওয়া যায়।

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

পরবর্তীতে, শেহরীন আমিন ভূঁইয়ার ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) “আজ থেকে জামায়াত শিবিরের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তারা ভুল বুঝিয়ে তাদের সাথে নিয়ে আমাকে শুধু ব্যবহার করেছে” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: