মনিরুল হক চৌধুরীকে বিএনপি নেতাদের শুভেচ্ছা জানানোর এই ছবিটি ২০২২ সালের 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কুমিল্লা-৬ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে মনিরুল হক চৌধুরীকে৷ অবশ্য এই মনোনয়ন ঘিরে জেলায় অসন্তোষ লক্ষ্য করা গেছে। এই আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে টানা বেশ কয়েক দিন ধরে নানা কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, বিএনপি’র মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আলী বকুল। মনিরুল হক চৌধুরীর বাড়িতে গিয়ে তারা শুভেচ্ছা জানান ও জয়ী করার অঙ্গীকার করেন।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০২২ সালের পুরোনো ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক সবুজের ফেসবুক প্রোফাইলে ২০২২ সালের ২৬ জুলাই প্রকাশিত এক পোস্টে কিছু ছবি পাওয়া যায়। এর মধ্যে একটি ছবির সাথে আলোচিত ছবিটির মিল পাওয়া যায়।

পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, কুমিল্লা মহানগর বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় মহাসচিব সহ নেতৃবৃন্দের অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময়ের ছবি এগুলো। ক্যাপশনে আরো বলা হয়, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক মত বিনিময় করেন কুমিল্লা মহানগর বিএনপি’র নবগঠিত কমিটির প্রতিষ্ঠাকালীন আহবায়ক (দায়িত্বপ্রাপ্ত) মোঃ শওকত আলী বকুল, প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব বিবেক মানবতার সংগঠনের চেয়ারম্যান মোঃ ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে কুমিল্লা মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতা ফারুক পান্নার ফেসবুক প্রোফাইলেও একই দিন একই ছবিটি প্রকাশ করা হয়।

কুমিল্লার স্থানীয় গণমাধ্যম দৈনিক কুমিল্লার ডাককে এ বিষয়ে শওকত আলী বকুল ও ইউসুফ মোল্লা টিপু জানান, ছবিটি আসলে ২০২২ সালের একটি সামাজিক অনুষ্ঠানের। এটি মনোনয়ন বা রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়।

সুতরাং, কুমিল্লা-৬ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীকে মহানগর বিএনপির ফুলেল শুভেচ্ছা দাবিতে ২০২২ সালের ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: