গতরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়িতে হাসনাত আবদুল্লাহ গিয়েছেন দাবিতে পুরোনো ভিডিও প্রচার

অন্তত আজ (২২ মার্চ) ভোর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, “গভির রাতে স্বরাস্ট্র উপদেষ্টার বারিধারা বাড়িতে বৈষম্য নামের নেতা হাসনাত আব্দুল্লাহ তার দলবল নিয়ে গোপন বৈঠক করছেন, এই মূহুর্তে…”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় হাসনাত আবদুল্লাহ যাওয়ার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি গতকাল (২১ মার্চ) রাতের নয় বরং, প্রায় ১ মাস পূর্বে গত ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় হাসনাত আবদুল্লাহর যাওয়ার ভিডিও আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে প্রচারিত দাবিটির সপক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

প্রচারিত ভিডিওটির বিবরণীতে অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা পোস্ট’ এর নাম উল্লেখ করতে শোনা যায়। উক্ত সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে গেল রাতে এমন কোনো ঘটনার সংবাদ পাওয়া যায়নি। তবে কি-ওয়ার্ড সার্চ করে ঢাকা পোস্টের ভেরিফাইড ফেসবুক পেজে গত ২৪ ফেব্রুয়ারিতে প্রচারিত একটি ফেসবুক লাইভ সম্প্রচার ভিডিও পাওয়া যায়। “হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় হাসনাত আব্দুল্লাহ, বারিধারা থেকে সরাসরি…” শীর্ষক ক্যাপশনের উক্ত লাইভ ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে সাদৃশ্য পাওয়া যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি মূলত ঢাকা পোস্টের প্রচারিত উক্ত ভিডিওটি থেকেই নেওয়া হয়েছে। পাশাপাশি, এও নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি গতরাতের (২১ মার্চ) নয় বরং পুরোনো।

পরবর্তীতে এরই সূত্র ধরে অনুসন্ধান করলে মূলধারার সংবাদমাধ্যম ইত্তেফাকের ওয়েবসাইটে “গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসার সামনে হাসনাত আব্দুল্লাহ” শীর্ষক শিরোনামে গত ২৪ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়৷ উক্ত প্রতিবেদনে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত দৃশ্যের স্থিরচিত্রের সংযুক্তিও পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনটি থেকে জানা যায়, “শেষ রাতে হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর বারিধারা ডিওএইচএসের বাসায় আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে উপদেষ্টার বাসভবনের সামনে দেখা যায়। সরেজমিনে দেখা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি সংবাদ সম্মেলনের পরপরই সাড়ে ৩টার দিকে হঠাৎ গাড়িতে চড়ে তার বাসভবনের সামনে উপস্থিত হন হাসনাত আব্দুল্লাহ। এ সময় বেশ কয়েকজন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তবে এ সময় ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি। একপর্যায়ে কয়েকজন সাংবাদিক লাইভে আছেন বুঝতে পেরে ঘটনাস্থল থেকে সরে যান হাসনাত। তাকে উপদেষ্টার বাসভবনের ফটকের সামনে দেখা গেলেও তিনি বাসার ভেতরে প্রবেশ করতে দেখা যায়নি।

এর আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাত ৩টার পর সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে ধর্ষণ, ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দোসরদের দায়ী করেন তিনি।…”

এছাড়াও, এ বিষয়ে একই ঘটনার স্থিরচিত্রসহ গত ২৪ ফেব্রুয়ারিতে মূলধারার গণমাধ্যম কালবেলা নিউজের ইউটিউব চ্যানেল ও ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একইরকম তথ্য জানা যায়।

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে গতরাতে (২১ মার্চ) স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় হাসনাত আবদুল্লাহ যাওয়ার বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, গত ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত প্রায় সাড়ে তিনটার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় হাসনাত আবদুল্লাহ যাওয়ার দৃশ্যকে গতরাতে (২১ মার্চ) স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় হাসনাত আবদুল্লাহ যাওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: