গতকাল বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। চট্টগ্রামের একটি মসজিদ প্রাঙ্গণে আজ তার জানাজা অনুষ্ঠিত হয়। এরই প্রেক্ষিতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইটি ছবি প্রচার হচ্ছে, যেগুলোকে এই জানাজার ছবি বলে দাবি করা হচ্ছে।
উক্ত ছবি সংবলিত গণমাধ্যমের প্রতিবেদন দেখুন নিউজজি২৪, আজকালের খবর।
জাতীয় দৈনিক সমকাল এ সংক্রান্ত একটি সংবাদে একই ছবি প্রকাশ করে পরবর্তীতে সরিয়ে নিয়েছে।

একই ছবিযুক্ত ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবি দুইটি মোশাররফ হোসেনের জানাজার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ২০১৭ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জানাজার ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে ২০১৭ সালের ১৫ ডিসেম্বর প্রকাশিত দুইটি পৃথক প্রতিবেদনে (১, ২) ছবি দুইটি পাওয়া যায়। প্রতিবেদনগুলোয় চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জানাজার খবর দেওয়া হয়। নানা রোগে ভুগে ১৪ ডিসেম্বর দিবাগত রাতে চট্টগ্রামের মেহেদিবাগের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহিউদ্দিন চৌধুরী মারা যান। ১৫ ডিসেম্বর বাদ আসর চট্টগ্রাম নগরীর লালদিঘি মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেসময়ের তোলা ছবি এগুলো।

অন্যদিকে, মোশাররফ হোসেনের জানাজা আজ সকালে চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সুতরাং, মোশাররফ হোসেনের জানাজার দৃশ্য দাবিতে ২০১৭ সালের ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।


