সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাইকে আগুন দেওয়ার একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘চাঁদা না দেওয়ায় গাড়িতে আগুন দিল, #ছাত্রদলের নেতা’।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটিতে থাকা বাইকে আগুনের ঘটনার সাথে কোনো ছাত্রদল নেতার চাঁদাবাজির সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, রাজশাহীতে পারিবারিক কলহে দুলাভাইয়ের মোটরসাইকেলে শ্যালকের আগুন দেওয়ার ঘটনার দৃশ্য আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভিডিওতে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির লোগোর সংযুক্তি পাওয়া যায়। এরই সূত্র ধরে অনুসন্ধানে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত ৫ জুনে আলোচিত ভিডিওটি প্রচার হতে দেখা যায়। ভিডিওর বিষয়ে যমুনা টিভির শিরোনামে বলা হয়, ‘রাজশাহীতে পারিবারিক কলহে দুলাভাইয়ের মোটরসাইকেলে আগুন দিলেন শ্যালক’।

এছাড়াও অনুসন্ধানে আলোচিত ভিডিওটি মূলধারার আরেক গণমাধ্যম ‘চ্যানেল২৪’ এর ইউটিউব চ্যানেলে গত ৫ জুনে প্রচার হতে দেখা যায়। ‘চ্যানেল২৪’ এর ভিডিওতেও ঘটনা সম্পর্কে বলা হয়েছে, ‘রাজশাহীতে পারিবারিক দ্বন্দ্বে দুলাভাইয়ের মোটরসাইকেলে আগুন’।
অনুসন্ধানে কোথাও আলোচিত বাইকে আগুন দেওয়ার ঘটনাটি চাঁদা না দেওয়ায় ছাত্রদল নেতার আগুন দেওয়ার দাবির সপক্ষে নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, রাজশাহীতে পারিবারিক কলহে দুলাভাইয়ের মোটরসাইকেলে শ্যালকের আগুন দেওয়ার ঘটনার দৃশ্যকে চাঁদা না দেওয়ায় বাইকে ছাত্রদল নেতার আগুন দেওয়ার ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।


