আর্জেন্টিনা-মিশর ম্যাচের পর ‘এক্স’ প্রদর্শন করে মরিনহোর সংহতির দাবিটি ভুয়া

গত ৭ জুলাই বিশ্বকাপের শেষ ষোলোর আর্জেন্টিনা-মিশর ম্যাচের শেষদিকে উত্তপ্ত পরিস্থিতিতে মিশরের ম্যানেজার হোসাম হাসান দুই হাত ক্রস করে ‘এক্স’ বা ক্রস সাইন দেখান। কবজির উচ্চতায় দুই হাত ক্রস করে ‘এক্স’ চিহ্ন তৈরি করা ম্যাচ চলাকালে সম্ভাব্য বর্ণবাদী বা বৈষম্যমূলক আচরণ শনাক্তে ফিফা প্রবর্তিত একটি আনুষ্ঠানিক সংকেত। ২০২৪ সালে ফিফা এই ‘ক্রসড আর্মস’ সংকেত ফুটবল প্রোটোকলে যুক্ত করে। ফিফার ভাষ্য অনুযায়ী, এই সংকেত দেওয়া হলে রেফারি তিন ধাপের অ্যান্টি-ডিসক্রিমিনেশন প্রক্রিয়া শুরু করতে পারেন। তবে হোসাম হাসান ঠিক কোন অভিযোগে এই সংকেত ব্যবহার করেছিলেন, সে বিষয়ে তিনি বা মিশর ফুটবল অ্যাসোসিয়েশন কেউই প্রকাশ্যে কোনো ব্যাখ্যা দেয়নি। ফিফাও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, আর্জেন্টিনা-মিশরের ম্যাচকে ‘ডাকাতি’ বলে অভিহিত করার পর এবার ‘এক্স’ প্রদর্শন করলেন রিয়েল মাদ্রিদ কোচ জোসে মরিনহো। দাবি করা হয়, তার ভেরিফাইড ফেসবুকে মিশরের কোচের “এক্স” প্রদর্শনকে সমর্থন করে নিজেই “এক্স” প্রদর্শন করে পোস্ট দিয়েছেন।

এ বিষয়ে গণমধ্যমে প্রচারিত দাবি দেখুন: এটিএন বাংলা

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মিশরের প্রতি সংহতি জানিয়ে এক্স প্রদর্শন করে মরিনহো নিজের ফেসবুক পেজে কোনো পোস্ট করেনি। প্রকৃতপক্ষে, আলোচিত পেজটি মরিনহোর নামে পরিচালিত একটি ভুয়া ভেরিফাইড পেজ। তাছাড়া, প্রচারিত ছবিটি ২০২৩ সালের।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Mourinho coach’ নামের ভেরিফায়েড ফেসবুক পেজটিতে আলোচিত ছবিটি পাওয়া যায়। পেজটি পর্যালোচনা করে দেখা যায়, এটি ২০২৩ সালে ভিন্ন নামে খোলা হয়েছিল। চলতি বছরের মে মাসে মরিনহোর নামে পেজটির নাম পরিবর্তন করা হয়। পেজটি মিশর ও ইতালি থেকে পরিচালনা করা হচ্ছে। পর্তুগালের নাগরিক মরিনহো চলতি মাসে রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে ৩ বছরের চুক্তিতে নিযুক্ত হয়েছেন। তিনি বর্তমানে স্পেনের মাদ্রিদেই থাকছেন৷ কিন্তু পেজটি এই দুই দেশের কোনোটি থেকেই পরিচালিত হচ্ছে না।

পরবর্তী অনুসন্ধানে মরিনহোর ইনস্টাগ্রাম প্রোফাইলে সাম্প্রতিক সময়ে এই ছবিটি প্রচারের প্রমাণ মেলেনি। তবে ২০২৩ সালের ১১ মার্চে ছবিটি তার প্রোফাইল থেকে প্রকাশ করা হয়।

সুতরাং, আর্জেন্টিনা–মিশর ম্যাচের পর ‘এক্স’ প্রদর্শন করে মরিনহোর সংহতির দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: