মালয়েশিয়ার বাস্তব টর্নেডোর দৃশ্য নয়, এটি ‘টুইস্টার’ চলচ্চিত্রের প্রচারণামূলক ভিডিও

সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভয়াবহ আগুনের মধ্যে টর্নেডোর ঘূর্ণি দেখা গেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে। ভিডিওটিতে ধোঁয়া ও আগুনের সংমিশ্রণে তৈরি ঘূর্ণিবায়ুর মতো একটি দৃশ্য দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি মালয়েশিয়ার কোনো বাস্তব টর্নেডোর দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালে একটি চলচ্চিত্রের প্রচারণার অংশ হিসেবে তৈরি করা ভিডিও, যা দেশটির একটি সিনেমা হল চেইনের টিকটক অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছিল।

এ বিষয়ে অনুসন্ধানে ২০২৪ সালের ১৭ জুলাই ‘gscinemas’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে একই দৃশ্যসংবলিত ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির শিরোনামে উল্লেখ করা হয়েছে, “টুইস্টার” সিনেমা এখন আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় ঝড় তুলছে! দেরি না করে নিজেকে লুকিয়ে ফেলুন আপনার নিকটস্থ জিএসসি লোকেশনে।

এছাড়া ভিডিওতে সতর্কীকরণ হিসেবে উল্লেখ ছিল, এটি একটি প্রচারণামূলক ভিডিও; এটি ফিচার চলচ্চিত্রের অংশ নয়।

ওই টিকটক অ্যাকাউন্ট সম্পর্কে অনুসন্ধানে জানা যায়, গোল্ডেন স্ক্রিন সিনেমাস (জিএসসি) মালয়েশিয়ার একটি জনপ্রিয় সিনেমা হল চেইন।

এদিকে, আইএমডিবির তথ্য অনুযায়ী, টুইস্টার ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি চলচ্চিত্র। এতে কেট কার্টার চরিত্রটিকে একজন অবসরপ্রাপ্ত টর্নেডো-শিকারি ও আবহাওয়াবিদ হিসেবে দেখানো হয়েছে। দ্য মুভি ডাটাবেজ (টিএমডিবি)-এর তথ্যমতে, সিনেমাটি মালয়েশিয়ায় ২০২৪ সালের ১৭ জুলাই মুক্তি পায়।

এছাড়া, সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় এ ধরনের কোনো টর্নেডোর তথ্য পাওয়া যায়নি। এমন ভয়াবহ কোনো ঘটনা ঘটলে তা দেশটির মূলধারার বা আন্তর্জাতিক গণমাধ্যমে অবশ্যই সংবাদ হিসেবে প্রকাশিত হতো।

অর্থাৎ, আলোচিত ভিডিওটি একটি চলচ্চিত্রের প্রচারণামূলক ভিডিও, এটি বাস্তব কোনো ঘটনার দৃশ্য নয়।

সুতরাং, একটি চলচ্চিত্রের প্রচারণামূলক ভিডিওকে মালয়েশিয়ার বাস্তব টর্নেডোর দৃশ্য দাবিতেপ্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

Gscinemas: TikTok Post
IMDb: Twisters
TMBD: Twisters (2024)

Share: