সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার ছবিযুক্ত একটি ফটোকার্ড শেয়ার করে দাবি করা হয়, কুষ্টিয়ার প্রশাসনিক ভবনে সংবাদ সম্মেলন করার সময় তিনি হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন।

উক্ত দাবিতে প্রচারিত টিকটক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। পোস্টটি এ পর্যন্ত দশ হাজারের অধিকবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আমির হামজার মৃত্যুর দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে গত ১২ মার্চ বার্তা বাজার গণমাধ্যমের ফেসবুক পেজে প্রকাশিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে দেখা যায়, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ভাষণ চলাকালে বিরোধী দল স্লোগান দিয়ে প্রতিবাদ জানাচ্ছে। উক্ত ভিডিওতে সংসদ সদস্য আমির হামজার উপস্থিতিও লক্ষ্য করা যায়।

অর্থাৎ, সামাজিক যোগাযোগমাধ্যমে ১১ মার্চ আমির হামজার মৃত্যুর দাবি প্রচার করা হলেও ১২ মার্চের সংসদ অধিবেশনের ভিডিওতে তাকে সুস্থ অবস্থায় উপস্থিত থাকতে দেখা যায়।
এছাড়া মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে আমির হামজার মৃত্যু সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগেও নির্বাচনের আগে গত ফেব্রুয়ারিতে তার মৃত্যুর গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সে সময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।
সুতরাং, আমির হামজার হার্ট অ্যাটাকে মৃত্যুর দাবিটি মিথ্যা ও ভিত্তিহীন।
তথ্যসূত্র
- Barta Bazar – Facebook Post


