সম্প্রতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী মারা গেছেন দাবিতে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী মারা যাননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে জাগো নিউজ ২৪ ডটকমে গত ২ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, বুধবার (১ জুলাই) দুপুরে ‘দিরাই JNR’ নামে একটি ফেসবুক পেজ থেকে নাছির উদ্দিন চৌধুরী ও তার স্ত্রীর একটি ছবি প্রকাশ করে দাবি করা হয়, তিনি মারা গেছেন। কিছুক্ষণ পর একই ধরনের আরেকটি পোস্টে তার মৃত্যুর খবর উল্লেখ করে শোকবার্তাও প্রকাশ করা হয়। পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং একাধিক ব্যক্তি সেগুলো শেয়ার করেন।
প্রতিবেদনে আরো বলা হয়, নাছির উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সচিব মোহাম্মদ রুদ্র মিজান প্রচারিত মৃত্যুর তথ্যটিকে সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, ‘সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়া। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পরবর্তীতে, সিলেটের স্থানীয় গণমাধ্যম সিলেট ভিউ ২৪ ডটকমে ১ জুলাই প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ১ জুলাই শাল্লা উপজেলা শ্রমিক দলের সভাপতি শ্যামল সরকার বাদী হয়ে নাছির উদ্দীন চৌধুরীর মৃত্যু নিয়ে ফেসবুকে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে শাল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সুতরাং, সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী মারা যাওয়ার দাবিটি ভুয়া ও বানোয়াট।


