সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের বিছানায় মদের বোতল দাবিতে এআই সম্পাদিত ছবি প্রচার 

সম্প্রতি অনলাইনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে যে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের বিছানায় মদের বোতল রাখা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে

এছাড়াও, একই ছবি ইউটিউবেও কোনো ক্যাপশন ব্যতীত প্রচার করা হয়েছে। দেখুন এখানে (আর্কাইভ)।

আবার, এই ছবিকে এআই সম্পাদিত দাবি করে আরেকটি ছবিকে আসল হিসেবে প্রচার করা হয়েছে, যাতে বিছানায় মদের বোতল নেই।

এমন দাবির পোস্ট দেখুন এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের বিছানায় মদের বোতল রাখা দাবিতে প্রচারিত ছবি এবং মদের বোতল নেই এমন দাবির ছবিগুলোর কোনোটিই আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় দুইটি ছবিই সম্পাদনা করে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে যাচাইয়ে প্রচারিত ছবি দুইটি গুগলের জেমিনিতে সংযুক্ত বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID/Verify AI’ দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এগুলো গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি বা সম্পাদিত।

অনুসন্ধানে এই দুই ছবি ছাড়া একই স্থানের আর কোনো ছবির অস্তিত্ব মেলেনি। লক্ষ্মীপুরের একাধিক সাংবাদিকের সাথে এ বিষয়ে আলাপ করলেও তারাও এ সংক্রান্ত আর কোনো ছবি প্রচার হতে দেখেননি বলে রিউমর স্ক্যানারকে জানান।

অনুসন্ধানে ‘Mhk Saddam’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ৫ জুলাই এ বিষয়ে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে মদের বোতল সংবলিত ছবিটিকে এআই দাবি করে বলা হয়, ‘রামগঞ্জ আসনের এমপি জনাব Shahadat Hossain Salim সাহেব গত বৃহস্পতিবারে (০২ জুলাই) পৌরসভা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ভাইয়ের বাসভবনে দুঃস্থ ও হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন এবং অর্থ বিতরণ অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ কামরুল ভাইয়ের বাসায় কিছুক্ষণের জন্য রেস্ট নিয়েছিলেন, সেই সময়ে তোলা ছবিটিকে Ai এআই দিয়ে তৈরি করে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে..’।

পরবর্তীতে শেখ কামরুলের ফেসবুক প্রোফাইলেও ০৫ জুলাইয়ের পূর্বে এমন কোনো ছবি প্রচারের প্রমাণ মেলেনি।

সুতরাং, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের বিছানায় মদের বোতল রাখা এবং মদের বোতলবিহীন দুইটি ছবিই এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদিত।

তথ্যসূত্র

Share: