আ.লীগকে নিয়ে মুহিব্বুল্লাহ বাবুনগরীর পুরোনো বক্তব্য সাম্প্রতিক দাবিতে গণমাধ্যমে প্রচার 

গত ৭ ফেব্রুয়ারি কতিপয় গণমাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, ‘জিহাদ করে কিংবা অস্ত্র ধরে হেফাজতে ইসলামের আলোচিত ১৩ দফা দাবি আদায় সম্ভব নয় বলে মনে করেন হেফাজতে ইসলামের সদ্যনিযুক্ত আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম কাউকে ক্ষমতায় বসানো কিংবা কারও পতন ঘটানোয় ভূমিকা রাখতে চায় না। এমনকি আওয়ামী লীগ ২০০ বছর ক্ষমতায় থাকলেও তাঁর আপত্তি নেই। মহিবুল্লাহ আমির নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে ফটিকছড়ির বাবুনগরের নিজ বাসভবনে প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে আলাপ করছিলেন।’

অর্থাৎ, দাবি করা হয়েছে, মুহিব্বুল্লাহ বাবুনগরী আলোচিত মন্তব্য সাম্প্রতিক সময়ে করেছেন।

এরূপ দাবিতে গণমাধ্যমে প্রচারিত সংবাদ : জনকণ্ঠ, রেড টাইমস, জাগরণ নিউজ (ফেসবুক)।

এরূপ দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আওয়ামী লীগ ২০০ বছর ক্ষমতায় থাকলেও আপত্তি নেই’ শীর্ষক মন্তব্য হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী সাম্প্রতিক সময়ে করেননি। প্রকৃতপক্ষে, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বরে মুহিব্বুল্লাহ বাবুনগরীর করা মন্তব্যকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম ‘বাংলাদেশ প্রতিদিন’ এর ওয়েবসাইটে ‘আওয়ামী লীগ ২০০ বছর ক্ষমতায় থাকলেও আপত্তি নেই মহিবুল্লাহর’ শিরোনামে ২০২১ সালের ১৮ সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে উল্লিখিত বক্তব্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত সংবাদে উল্লিখিত মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্যের হুবহু মিল পাওয়া যায়।

এছাড়াও, বাংলাদেশ প্রতিদিন এর মুদ্রিত সংবাদপত্র সংস্করণের ইলেকট্রনিক সংস্করণ (ই-পেপার) এর ২০২১ সালের ১৮ সেপ্টেম্বরের পত্রিকায় আলোচিত বক্তব্যসমেত সংবাদ প্রকাশ হতে দেখা যায়।

আলোচিত দাবিতে প্রচারিত প্রতিবেদনে দাবি করা হয়, মুহিব্বুল্লাহ বাবুনগরী আমির নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে ফটিকছড়ির বাবুনগরের নিজ বাসভবনে প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এরূপ মন্তব্য করেন। পরবর্তীতে মুহিব্বুল্লাহ বাবুনগরীর আমির হওয়ার সময়কালের বিষয়ে অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম ইত্তেফাক সূত্রে জানা যায়, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির হিসেবে ২০২১ সালের ২৯ আগস্টে মুহিব্বুল্লাহ বাবুনগরীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। মুহিব্বুল্লাহ বাবুনগরী হেফাজতে আমির হওয়ার সময়কালের সাথে বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদনে উল্লিখিত ‘আমির নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে আলাপ’ এর টাইমফ্রেমের মিল পাওয়া যায় যা থেকে স্পষ্ট যে আলোচিত বক্তব্যটি ২০২১ সালের।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে সাম্প্রতিক সময়ে মুহিব্বুল্লাহ বাবুনগরীর এরূপ কোনো মন্তব্য করার সপক্ষে কোনো ভিডিও প্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, ‘আওয়ামী লীগ ২০০ বছর ক্ষমতায় থাকলেও আপত্তি নেই’ শীর্ষক মুহিব্বুল্লাহ বাবুনগরীর ২০২১ সালের ১৬ সেপ্টেম্বরে করা বক্তব্যকে মুহিব্বুল্লাহর সাম্প্রতিক সময়ের বক্তব্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: