নির্বাচন ও বিএনপিকে জড়িয়ে আমার দেশের নামে একাধিক ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপিকে জড়িয়ে সংবাদমাধ্যম ‘আমার দেশ’ এর ডিজাইন সংবলিত চারটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এর মধ্যে একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে, “নির্যাতিত নেতাকর্মীদের পিটানি খেয়ে বিএনপির অফিস ছারলো পলাতক মনিরুজ্জামান সরদার”
আরেকটি ফটোকার্ডে দাবি করা হয়েছে, “বিএনপিতে যোগদানের প্রথম দিনেই জামায়াতের নেতাকর্মীদের হুমকি দিচ্ছে সশস্ত্র আকমান”।
অপর একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে, “কৃষ্ণপুর ইউনিয়নের ভোটকেন্দ্র দখল নিতে প্রস্তুত তারেক সরদার”।
আরেক ফটোকার্ডে দাবি করা হয়েছে, ‘চাদা না দেয়াতে ফরিদপুর চক্ষু হাসপাতালে বিএনপির হামলা’।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নির্বাচন ও বিএনপিকে জড়িয়ে সংবাদমাধ্যম ‘আমার দেশ’ উল্লিখিত ফটোকার্ডগুলো প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে এই দাবিগুলো প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডগুলোতে আমার দেশের লোগো রয়েছে এবং দুইটি ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ‘৬ ফেব্রুয়ারি, ২০২৬’ ও বাকী দুইটি ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ‘৭ ফেব্রুয়ারি, ২০২৬’ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এরূপ দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়। পাশাপাশি, বানান ভুলও লক্ষ্য করা যায়। যেমন: ‘ছাড়লো’ কে ‘ছারলো’ ও ‘চাঁদা’কে ‘চাদা’ লেখা হয়েছে।
অর্থাৎ, আমার দেশের লোগো ও ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ভুয়া ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।
সুতরাং, নির্বাচন ও বিএনপিকে জড়িয়ে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

