ইত্তেফাকের নামে খোলা ভুয়া পেজ থেকে মুন্নী সাহাকে আটকের গুজব, প্রচারিত ভিডিওটি পুরোনো

রাজধানীর কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নী সাহা আটক দাবিতে একটি ভিডিও সম্প্রতি প্রচার হতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জাতীয় দৈনিক ইত্তেফাককে ভিডিও সোর্স হিসেবে দেখিয়ে ভিডিওটি প্রচার হচ্ছে।
উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে মুন্নী সাহা আটক হননি এবং প্রচারিত ভিডিওটিও পুরোনো। প্রকৃতপক্ষে, ইত্তেফাকের নাম ও লোগো ব্যবহার করে চালু থাকা ভুয়া একটি পেজ থেকে ২০২৪ সালের ভিডিওটি প্রচারের পর বিষয়টি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। এরপরই ঘটনাটি সাম্প্রতিক দাবিতে প্রচার হচ্ছে।
বিষয়টি নিয়ে অনুসন্ধানে সম্প্রতি মুন্নী সাহা আটকের দাবিতে কোনো সংবাদ বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। দাবিটির সূত্রপাত অনুসন্ধানে ভিডিও সোর্স হিসেবে ইত্তেফাকের নাম থাকার সূত্রে কিওয়ার্ড সার্চ করে Daily Ittefaq নামে একটি ফেসবুক পেজের সন্ধান পাওয়া যায়। এক হাজারেরও কম ফলোয়ারের পেজটি থেকে গত রাতে ভিডিওটি প্রচার করা হয়৷ এটি ইত্তেফাকের আসল পেজ কিনা তা জানতে ইত্তেফাক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে রিউমর স্ক্যানারকে জানানো হয়, এটি একটি ভুয়া পেজ।
পরবর্তী অনুসন্ধানে ইত্তেফাকের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ০১ ডিসেম্বর প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়।

সেদিন ইত্তেফাকের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ৩০ নভেম্বর রাত সাড়ে ৯টায় রাজধানীর কাওরানবাজার থেকে জনতার হাতে আটক হন মুন্নী সাহা। পরে তেজগাঁও থানা পুলিশের একটি দল এসে তাকে উদ্ধার করে। এরপর তাকেও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়৷ পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
সুতরাং, মুন্নী সাহা আটক দাবিতে পুরোনো ভিডিও প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Ittefaq: Youtube Video

