ভারতে মুসলিম শিশু নির্যাতন দাবিতে বাংলাদেশের স্ক্রিপ্টেড ভিডিও প্রচার

সম্প্রতি, “ভারতে টুপি পড়ে বেলুন বিক্রি করায় এক মুসলিম শিশুর সব গুলো বেলুন ফাটিয়ে দেয় এক উগ্রবাদী! অসহায় শিশুটির কান্না আর অনুরোধ ছাড়া আর কিছুই করার ছিলনা!! হৃদয় বিদারক এই ঘটনায় কাঁদছে নেট দুনিয়া!’’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

একই দাবির ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ভারতের নয়। প্রকৃতপক্ষে, এটি বাংলাদেশের একটি সাজানো বা স্ক্রিপ্টেড ভিডিও। বিনোদনের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছিল, যা পরবর্তীতে ভিন্ন ও মিথ্যা দাবিতে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘The Dhaka-রাজু ভাই’ নামের একটি ফেসবুক পেজে গত ১২ জানুয়ারি ‘এক দিনের জন্য ব্যবসা বন্ধ কিন্তু কেনো..??’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির শুরু থেকে ১০ সেকেন্ড অংশের মিল রয়েছে৷

উক্ত ভিডিওটির কমেন্ট সেকশন থেকে জানা যায়, ভিডিওটি পূর্ব পরিকল্পিত।

পরবর্তীতে উক্ত ভিডিওটি প্রচারকারী চ্যানেলে অনুসন্ধান করে দেখা যায়, গত ১৩ জানুয়ারি সেখানে আরও একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ওই ভিডিওতে আলোচিত ঘটনার বেলুন বিক্রেতা এবং বেলুন ফাটিয়ে দেওয়া ব্যক্তিকে উপস্থিত হয়ে এটি যে একটি পরিকল্পিত কনটেন্ট ভিডিও সে বিষয়ে ব্যাখ্যা দিতে দেখা যায়। ভিডিওতে বলা হয়, শিশুটির নাম আরমান।

এছাড়া, উক্ত ভিডিও প্রচারকারী পেজটি পর্যবেক্ষণ করে জানা যায়, এটি একটি কনটেন্ট ক্রিয়েশন চ্যানেল। উক্ত ব্যক্তি বিভিন্ন ধরণের বিনোদনমূলক ভিডিও (, , ) তৈরি করে থাকেন।

সুতরাং, ভারতে মুসলিম হওয়ায় শিশু নির্যাতনের দৃশ্য দাবিতে বাংলাদেশের একটি স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: