ভারতে কিছু হিন্দু ছেলে জোরপূর্বক মুসলিম মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে দাবিতে মরক্কোর ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি একজন নারীকে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হয়েছে, ‘কিছু হিন্দু ছেলে রাতে জোরপূর্বক এক মুসলিম মেয়েকে রাস্তা থেকে তুলে গাড়িতে নিয়ে গেছে’। এছাড়াও ভিডিওর অডিওতে দাবি করা হয়, ঘটনাটি ভারতের কেরালায় ঘটেছে।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ভারতের কেরালায় কিছু হিন্দু ছেলে কর্তৃক জোরপূর্বক এক মুসলিম মেয়েকে তুলে নিয়ে যাওয়ার কোনো ঘটনার দৃশ্যের নয়৷ প্রকৃতপক্ষে, ভিডিওটি মরক্কোর কাসাব্লাঙ্কায় পারিবারিক বিরোধের জেরে পুরুষ ব্যক্তি তার আত্মীয় সেই নারীকে আবার পরিবারের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করার দৃশ্যের।
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘thevoiceofmorocco’ ইউজার নেমের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৯ জুনে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। উক্ত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। ইনস্টাগ্রাম পোস্টটির ক্যাপশনে দাবি করা হয়, ‘গ্যারেজ আল্লালের একটি প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তি এক মহিলাকে আক্রমণ করে এবং জোরপূর্বক অপহরণ করে।’ পাশাপাশি, ক্যাপশনে ‘মরক্কো’ হ্যাশট্যাগ সংযুক্ত করা হয়েছে। উল্লেখ্য যে, গ্যারেজ আল্লাল মরক্কোর কাসাব্লাঙ্কা শহরের একটি অঞ্চল।

এরই সূত্র ধরে অনুসন্ধানে মরক্কো ভিত্তিক সংবাদমাধ্যম ‘Rue20′ এর ওয়েবসাইটে গত ১৯ জুনে এ বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে আলোচিত ভিডিও থেকে ধারণকৃত কয়েকটি স্ক্রিনশটের একটি কোলাজেরও সংযুক্তি পাওয়া যায়। এ বিষয়ে প্রতিবেদনে কাসাব্লাঙ্কা নিরাপত্তা বিভাগের বরাতে বলা হয়, ‘শুক্রবার (১৮ জুন) প্রকাশিত একটি সত্যতা যাচাইকারী বিবৃতিতে নিরাপত্তা বিভাগ স্পষ্ট করেছে যে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই তারা একটি নিখুঁত ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছিল। তদন্ত শেষে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, এই ঘটনার পেছনে কোনো ধরনের অপরাধমূলক উদ্দেশ্যে আটকে রাখা বা অপহরণের কোনো প্রমাণ বা সন্দেহ পাওয়া যায়নি। একই সূত্র আরও জানিয়েছে যে, তদন্তের মাধ্যমে ভিডিওতে দেখা যাওয়া পুরুষ ও নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। জানা গেছে যে তারা একই পরিবারের সদস্য এবং পারিবারিক বিরোধের জেরে ওই ব্যক্তি তার আত্মীয়কে (সেই নারীকে) আবার পরিবারের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।..’ (স্বয়ংক্রিয়ভাবে অনূদিত)
এছাড়াও, এ বিষয়ে মরক্কো ভিত্তিক আরেক সংবাদমাধ্যম ‘Alahdat.net’ এর ফেসবুক পেজেও গত ২০ জুনে প্রচারিত এক পোস্টে আলোচিত ভিডিওর স্থিরচিত্রের সংযুক্তিসহ কাসাব্লাঙ্কা নিরাপত্তা বিভাগের একই বিবৃতির উল্লেখ পাওয়া যায়। অনুসন্ধানে কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত ভিডিওটির সাথে সাম্প্রদায়িক কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।
সুতরাং, ভারতের কেরালায় কিছু হিন্দু ছেলে কর্তৃক জোরপূর্বক এক মুসলিম মেয়েকে তুলে নিয়ে যাওয়ার দৃশ্য দাবিতে মরক্কোর পারিবারিক বিরোধের প্রেক্ষাপটের ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Rue20 – أمن الدار البيضاء ينفي شبهة الإختطاف في فيديو “كراج علال”
- Alahdat.net – Facebook Post

