ভারতে হিন্দু যুবকের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে মুসলমান তরুণীকে অপহরণ দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার 

সম্প্রতি, ভারতে এক হিন্দু যুবকের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক মুসলমান তরুণীকে অপহরণের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের কারণে ভারতে হিন্দু যুবক কর্তৃক মুসলমান তরুণীকে অপহণের নয় এবং ভিডিওতে থাকা তরুণী মুসলমান নন৷ প্রকৃতপক্ষে, প্রেমঘটিত কারণে ভারতের রাজস্থান থেকে উত্তর প্রদেশে আসা এক তরুণীকে পুলিশের সহায়তায় জোরে করে ফিরিয়ে নেওয়ার অভিযোগের ঘটনাকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে৷

এ বিষয়ে অনুসন্ধানে ভারতের গণমাধ্যম The Times of India এর সাংবাদিক Krishna Chaudhary এর এক্স হ্যান্ডেলে গত ০৯ মার্চ প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, ভারতের উত্তর প্রদেশের মইনপুরীতে পুলিশের সামনেই এক নারীকে রাজস্থানে নিবন্ধিত নম্বর প্লেটযুক্ত একটি গাড়িতে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে। মহিলাটিকে গাড়িতে ধাক্কা দিয়ে তোলা হয় এবং তিনি সাহায্যের জন্য চিৎকার করছিলেন। তিনি বলেন, “আমি এদের চিনি না। এই লোকগুলো আমাকে মেরে ফেলতে পারে।”

উক্ত ভিডিওতে ওই নারীকে তার নাম জিজ্ঞেস করা হলে তিনি নিজের নাম রিংকু শর্মা বলে জানান৷

পরবর্তীতে, এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম C News এর উত্তর প্রদেশ-উত্তরাখণ্ডের আঞ্চলিক ইউটিউব চ্যানেল এবং Navbharat Times এর ওয়েবসাইটে গত ০৯ মার্চ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, রাজস্থানের ভিলওয়ারা থেকে রিংকু শর্মা নামের এক যুবতী তার প্রেমিক হৃতিক যাদবের সঙ্গে থাকার জন্য উত্তর প্রদেশের মইনপুরীর কুরা এলাকায় চলে আসে। রিংকুর পরিবার রাজস্থানে থানার তার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে। রিংকুর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে এসে পুলিশের সহায়তায় তাকে জোর করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। পুরো ঘটনাটি কুরা থানায় ঘটেছে।

উক্ত ঘটনায় জড়িত যুবক-যুবতী দুজনই হিন্দু ধর্মের অনুসারী।

সুতরাং, ভারতের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের কারণে হিন্দু যুবক কর্তৃক মুসলমান তরুণীকে অপহণের দৃশ্য দাবিতে হিন্দু যুবক-যুবতীর প্রেমঘটিত ভিন্ন প্রেক্ষাপটের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: