পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর বিজেপি সমর্থকদের হামলা দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে রাজনৈতিক সহিংসতা। দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে বীরভূম, নদিয়া, হাওড়া, বাঁকুড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে খুন, হামলা, ভাঙচুর এবং দলীয় কার্যালয় দখলের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এরই প্রেক্ষিতে নির্বাচনে জয়ের পরে বিজেপি সমর্থকরা ভারতের মুসলমানদের ওপর হামলা চালিয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।  

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জয়ের পরে বিজেপি সমর্থক কর্তৃক মুসলমানদের ওপর হামলার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, গত ২৯ এপ্রিল ভারতের উত্তর প্রদেশের সাহরানপুরে একটি বিয়ে বাড়িতে দ্বিপাক্ষিক সংঘর্ষের দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ভারতের গণমাধ্যম Dainik Bhaskar এর ওয়েবসাইটে গত ২৯ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, উত্তর প্রদেশের সাহারানপুরের গ্রামীণ কোতোয়ালি এলাকার বেহাত রোডের একটি আয়োজনস্থলে বর ও কনের পরিবারের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। গয়না ও দেনমোহর এর পরিমাণ নিয়ে এই ঘটনার সূত্রপাত, যা দ্রুতই সংঘর্ষে পরিণত হয়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ভিডিওটি উল্লিখিত ঘটনার দৃশ্য।

পরবর্তীতে, এ বিষয়ে ভারতের গণমাধ্যম Aaj Tak এর প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। 
সুতরাং, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জয়ের পরে বিজেপি সমর্থকরা রাজ্যটির মুসলমানদের ওপর হামলা চালিয়েছে দাবিতে উত্তর প্রদেশের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: