মুস্তাফিজ ইস্যুতে গেইলের ভিডিও বার্তার দাবিটি ভুয়া 

সম্প্রতি, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ক্রিস গেইল আইপিএল থেকে মুস্তাফিজের বাদ পড়ার ইস্যুতে মন্তব্য করেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখা গেছে।

উক্ত দাবির ভিডিও দেখুন ইউটিউব টিকটকে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ক্রিস গেইল মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়ার ইস্যুতে কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ক্রিস গেইলের ফেসবুক পেজে গত বছরের ২৬ নভেম্বর প্রকাশিত ভিন্ন ঘটনার একটি ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে Chrish Gayle নামে ক্রিস গেইলের ফেসবুক পেজে এ সংক্রান্ত মূল ভিডিওটি পাওয়া যায়। গত বছরের ২৬ নভেম্বরের এই ভিডিওটি পর্যালোচনা করে তাতে আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।

ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, ভিডিও বার্তায় ক্রিস গেইল মূলত জ্যামাইকায় হারিকেন বেরিল পরবর্তী ত্রাণ কার্যক্রম এবং এতে আর্থিক ও লজিস্টিক সহায়তা করা ব্যক্তিদের ধন্যবাদ জানানো নিয়ে মন্তব্য করেন।

তাছাড়া, ক্রিস গেইলের এই মূল ভিডিওটি প্রকাশিত হয় গত বছরের ২৬ নভেম্বর। কিন্তু মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার খবরটি আসে চলতি বছরের ০৩ জানুয়ারি। অর্থাৎ, মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার ঘটনার প্রায় এক মাসের বেশি সময় পূর্বেই গেইল এই ভিডিওটি প্রকাশ করেছিলেন, যেখানে তিনি ভারতীয় ব্যবসায়ী গৌতম সিংহানিয়াকে ত্রাণবাহী কার্গো বিমানের ব্যবস্থা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ক্রিস গেইল ফাউন্ডেশন সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। ভিডিওর কোথাও মোস্তাফিজুর রহমান বা বিসিসিআই (BCCI) সংক্রান্ত কোনো প্রসঙ্গের উল্লেখ নেই।

সুতরাং, মুস্তাফিজ ইস্যুতে ক্রিস গেইলের মন্তব্যের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূুত্র

Share: