ভূমিকম্পে নবারুন স্কুল অ‍্যান্ড কলেজের ভবন হেলে পড়ার দাবিটি মিথ্যা

গত ২১ নভেম্বর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। উক্ত ভূমিকম্পে রাজধানীর বংশালে ভবনের রেলিং ধসে পড়ে তিনজনসহ সারাদেশে অন্তত ১০ জন নিহত হন। রাজধানীতে একাধিক ভবন হেলে পড়ার মত ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে সেদিনের ভূমিকম্পে রাজধানীর শনির আখড়া এলাকায় অবস্থিত নবারুন স্কুল অ‍্যান্ড কলেজের ভবন হেলে পড়েছে দাবিতে ইন্টারনেটে ওই ভবনের একাধিক ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ফেসবুকে প্রচারিত ছবি দেখুন এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত একই দাবির ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, গত ২১ নভেম্বর দেশব্যাপী অনুভূত ভূমিকম্পে নবারুন স্কুল অ‍্যান্ড কলেজের ভবন হেলে পড়েনি। প্রকৃতপক্ষে, নবারুন স্কুল অ‍্যান্ড কলেজের ভবনটি আগে থেকেই পার্শ্ববর্তী বায়তুল আশেকীন জামে মসজিদের ভবনের সাথে লাগোয়া অবস্থায় ছিল।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গুগল ম্যাপের সহায়তায় নবারুন স্কুল অ‍্যান্ড কলেজের সামনের সড়কের স্ট্রিটভিউ পর্যালোচনা করে দেখে রিউমর স্ক্যানার। ২০২৩ সালে ধারণ করা গুগলের স্ট্রিটভিউ ইমেজ পর্যালোচনা করে দেখা যায়, প্রতিষ্ঠানটির ভবনটি সেসময়ও পার্শ্ববর্তী মসজিদ বায়তুল আশেকীন জামে মসজিদের ভবনটির সাথে লাগোয়া অবস্থায় ছিল।

আলোচিত ভিডিওগুলোতেও ভবন দুটিকে একই অবস্থায় দেখা যায়। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, উক্ত স্কুল এন্ড কলেজের ভবনটি ভূমিকম্পে হেলে পড়ার দাবিটি সঠিক নয়।

পরবর্তীতে অনুসন্ধানে নবারুন স্কুল অ‍্যান্ড কলেজের ফেসবুক পেজে গত ২১ নভেম্বর এ ঘটনায় প্রকাশিত একটি বিবৃতি খুঁজে পাওয়া যায়।

বিবৃতিতে বলা হয়, প্রতিষ্ঠানটির ভবন হেলে পড়ার দাবিটি সত্য নয়। তবে ভূমিকম্পে পার্শ্ববর্তী মসজিদের ভবনের সাথে প্রতিষ্ঠানের ভবনের কার্নিসের ঘর্ষণে কার্নিস কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।

সুতরাং, ২১ নভেম্বরের ভূমিকম্পে রাজধানীর শনির আখড়া এলাকায় অবস্থিত নবারুন স্কুল অ‍্যান্ড কলেজের ভবন হেলে পড়ার দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Google Map Streetview
  • Nabarun School and College Facebook Post
  • Rumor Scanner’s Analysis
Share: