মাগুরায় চুরির অপবাদে হত্যার ঘটনায় জামায়াত-শিবিরকে জড়িয়ে নাগরিক টিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি ‘মাগুরায় চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ জামায়াত শিবিরের বিরুদ্ধে’ শিরোনামে সংবাদমাধ্যম নাগরিক টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘মাগুরায় চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ জামায়াত শিবিরের বিরুদ্ধে’ শিরোনামে নাগরিক টিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নাগরিক টিভি কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম নাগরিক টিভির লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ৮ জানুয়ারি, ২০২৬ উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে নাগরিক টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, নাগরিক টিভির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, নাগরিক টিভির ফেসবুক পেজে গত ০৮ জানুয়ারি ‘মাগুরায় চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।
ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের তারিখ, নাগরিক টিভির লোগো এবং ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে কিছুটা ভিন্নতা রয়েছে। মূল ফটোকার্ডের শিরোনামে থাকা ‘মাগুরায় চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ’ লেখাটি পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডের শিরোনামে ‘মাগুরায় চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ জামায়াত শিবিরের বিরুদ্ধে’ লেখা যুক্ত করা হয়েছে।

অর্থাৎ, নাগরিক টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
জনপ্রিয় দৈনিক ইত্তেফাক এর পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে থেকে জানা যায়, মাগুরা সদর উপজেলায় গরু চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) ভোররাতে ইছাখাদা ইউনিয়নের ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আকিদুল ইসলাম (৪২)। তিনি সদর উপজেলার পাকা কাঞ্চনপুর গ্রামের শহর আলীর ছেলে।
সুতরাং, ‘মাগুরায় চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ জামায়াত শিবিরের বিরুদ্ধে’ শিরোনামে নাগরিক টিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Nagorik TV – Facebook Page
- Nagorik TV – Website
- Nagorik TV – YouTube Channel
- Nagorik TV – Facebook Post
- Rumor Scanner’s Own Analysis

