পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিষয়ে নাহিদ ইসলামের নামে ভুয়া মন্তব্য প্রচার 

মঙ্গলবার (২৮ এপ্রিল) পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি প্রবেশ করানো শুরু হয়েছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন “ভারতের ষড়যন্ত্রে ৭১ সালে পাকিস্তান না ভাঙলে আইয়ুব খান অনেক আগেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করতেন।”

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ভারতের ষড়যন্ত্রে ৭১ সালে পাকিস্তান না ভাঙলে আইয়ুব খান অনেক আগেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করতেন’ শীর্ষক মন্তব্য করেননি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যাঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। আলোচিত ফটোকার্ডটির বিষয়ে অনুসন্ধানে ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজে গত ২৮ এপ্রিলে আলোচিত ফটোকার্ডটি প্রথমবার পোস্ট হতে দেখা যায়।

‘দৈনিক মোল্লার দেশ’ পেজটির অ্যাবাউট সেকশনে গিয়ে দেখা যায়, সেখানে পেজটিকে ‘Satire/Parody’ পেজ বলে উল্লেখ রয়েছে। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

পাশাপাশি, এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, আইয়ুব খান অনেক আগেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করতেন শীর্ষক মন্তব্য নাহিদ ইসলাম করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • দৈনিক মোল্লার দেশ – Facebook Post
  • Rumor Scanner’s analysis
Share: