১২ ফেব্রুয়ারি তারেক রহমানকে শেখ হাসিনার মতো দেশ ছাড়া করার হুঁশিয়ারি দেননি নাহিদ ইসলাম

সম্প্রতি অনলাইনে কথিত সংবাদ প্রতিবেদন আকারে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের কঠোর হুঁশিয়ারি! তিনি প্রকাশ্যে বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে শেখ হাসিনার মতো দেশ ছাড়তে বাধ্য করা হবে।’

এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উপরোল্লিখিত ইউটিউব ভিডিওটি প্রায় ১ লক্ষ ৩০ হাজার বার দেখা হয়েছে।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উপরোল্লিখিত টিকটক ভিডিওটি প্রায় ৪ লক্ষ ৮৫ হাজার বার দেখা হয়েছে এবং সাড়ে ৬ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে লাইক দেওয়া হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ১২ ফেব্রুয়ারি তারেক রহমানকে শেখ হাসিনার মতো দেশ ছাড়া করার হুঁশিয়ারি দেননি নাহিদ ইসলাম। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ভিন্ন অপ্রাসঙ্গিক ঘটনার ভিডিও প্রচার করে আলোচিত ভুয়া দাবি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত কথিত সংবাদ প্রতিবেদনে নাহিদ ইসলামের বক্তব্যের একটি ফুটেজের সংযুক্তি পাওয়া যায়। ভিডিও ফুটেজটির বিষয়ে অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম ‘ইত্তেফাক’ এর ইউটিউব চ্যানেলে ‘আ/ঘাত এলে এখন থেকে পাল্টা আ/ঘাত হবে, হুঁশিয়ারি নাহিদের’ শিরোনামে গত ২৭ জানুয়ারিতে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে প্রদর্শিত নাহিদ ইসলামের বক্তব্যের দৃশ্যের সাথে আলোচিত দাবি প্রচারকালীন সময়ে প্রদর্শিত ফুটেজের মিল পাওয়া যায়।

ইত্তেফাকের ভিডিওতে নাহিদ ইসলামকে বিএনপি ও মির্জা আব্বাসের সমালোচনা করতে দেখা যায়। ভিডিওতে তিনি নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর হওয়া হামলার প্রতিবাদ জানান এবং নাহিদ ইসলাম অভিযোগ করেন, মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা ঘটেছে। পাশাপাশি, ভিডিওতে নাহিদ ইসলামকে এছাড়াও বলতে শোনা যায়, এ ঘটনায় প্রশাসন ও বিএনপি দলীয়ভাবে এটার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় তা তারা দেখতে চান। নাহিদ ইসলাম আরো বলেন, বাকী জবার রাজপথে দিবো, ১২ই ফেব্রুয়ারি ইলেকশনে দিবো।
এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে জাতীয় দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটে নাহিদ ইসলামের এ বক্তব্যের বিষয়ে উল্লেখ পাওয়া যায়। ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, ঢাকা-৮ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে গত ২৭ জানুয়ারি আবার ডিম ছোড়া হয়েছে। এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এর তিনদিন আগে রাজধানীর সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপ করা হয়। এ ঘটনার জন্য তখন তিনি চাঁদাবাজদের দায়ী করেন।
তবে কোথাও নাহিদ ইসলামকে বলতে শোনা যায়নি যে, ‘১২ ফেব্রুয়ারি তারেক রহমানকে শেখ হাসিনার মতো দেশ ছাড়া করবো’।
কাউকে দেশছাড়া করার বিষয়ে নাহিদ ইসলাম সম্প্রতি বক্তব্য দিয়েছেন কি না এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম সময় টিভির ইউটিউব চ্যানেলে গত ৩০ জানুয়ারিতে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে নাহিদ ইসলামকে এলাকাবাসীর কাছে ভোট চেয়ে বলতে শোনা যায়, ‘আমরা চাই হাসিনার আমলের রাজনীতি এই বাংলাদেশে আর হবে না। চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতির রাজনীতি বাংলাদেশে আর চলবে না। আমরা ভূমিদস্যু, ঋণখেলাপী কোনো অসৎ মানুষকে সংসদে দেখতে চাই না।.. আপনারা সবাই পরিবার নিয়ে ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে আসবেন। ভয়ের কোনো কারণ নাই৷ যারা ভয় দেখাবে, ১২ই ফেব্রুয়ারি তারাই দেখবেন দেশ থেকে পালিয়ে যেতে হবে।.. কেউ যদি সিল মারার চেষ্টা করে, ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে তাদেরকে আমরা সেদিন দেশছাড়া করবো।’
তবে অনুসন্ধানে কোথাও নাহিদ ইসলাম তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, ‘১২ ফেব্রুয়ারি তারেক রহমানকে শেখ হাসিনার মতো দেশ ছাড়া করা হবে’ এরূপ দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তাছাড়া, আলোচিত দাবিতে প্রচারিত কথিত সংবাদ প্রতিবেদনেও নানা ফুটেজের সংযুক্তি থাকলেও উক্ত দাবির সপক্ষে নাহিদ ইসলামের এরূপ বক্তব্যের কোনো ভিডিওর সংযুক্তি পাওয়া যায়নি।
সুতরাং, ১২ ফেব্রুয়ারি তারেক রহমানকে শেখ হাসিনার মতো দেশ ছাড়া করার হুঁশিয়ারি দিয়েছেন নাহিদ ইসলাম বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Ittefaq – আ/ঘাত এলে এখন থেকে পাল্টা আ/ঘাত হবে, হুঁশিয়ারি নাহিদের
- Prothom Alo – পিঠা উৎসবে নাসীরুদ্দীন পাটওয়ারীকে একের পর এক ডিম নিক্ষেপ, অভিযোগ বিএনপির বিরুদ্ধে
- Somoy TV Bulletin – যারা ভয় দেখাবে, ১২ ফেব্রুয়ারি তাদের দেশ থেকে পালাতে হবে: নাহিদ
- Rumor Scanner’s analysis

