সংসদে নাহিদের বক্তব্য নিয়ে মাহমুদা মিতুর মন্তব্য দাবিতে যুগান্তরের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

গত ১২ মার্চ জাতীয় সংসদ অধিবেশন চলাকালে জুলাই শহীদদের নিয়ে শোক প্রস্তাবে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতুর ফেসবুক পোস্টের ঘটনাকে কেন্দ্র করে ‘সংসদে নাহিদ ইসলামের বক্তব্য শুনছিলাম নিচ দিয়ে অঝোরে পানি ঝরছিল। ওরা ছাড়া কে-ই-বা এইভাবে জুলাই ব্যাবসা বাচিয়ে রাখবে’ শিরোনামে সংবাদমাধ্যম যুগান্তরের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘সংসদে নাহিদ ইসলামের বক্তব্য শুনছিলাম নিচ দিয়ে অঝোরে পানি ঝরছিল। ওরা ছাড়া কে-ই-বা এইভাবে জুলাই ব্যাবসা বাচিয়ে রাখবে’ শীর্ষক শিরোনামে জাতীয় দৈনিক যুগান্তর কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। এছাড়া মাহমুদা মিতুও আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, যুগান্তরের ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে যুগান্তরের লোগো ও এটি প্রচারের তারিখ হিসেবে ‘১২ মার্চ, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে যুগান্তরের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, যুগান্তরের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং মাহমুদা মিতুর ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে, যুগান্তরের ফেসবুক পেজে গত ১২ মার্চ ‘সংসদে নাহিদ ইসলামের বক্তব্য শুনছিলাম চোখ বেয়ে অঝোরে পানি ঝরছিল। ওরা ছাড়া কে-ই বা এইভাবে জুলাইকে বাঁচিয়ে রাখবে?’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য রয়েছে।

তাছাড়া, যুগান্তরের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়। অর্থাৎ, মাহমুদা মিতুর মন্তব্য দাবিতে যুগান্তরের নামে প্রচারিত আলোচিত এই ফটোকার্ডটি সম্পাদনা করেই তৈরি করা হয়েছে।
সুতরাং, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে নিয়ে মাহমুদা মিতুর মন্তব্যসহ যুগান্তরের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Daily Jugantor – Facebook Post

